কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫ টি লোহার দানবাক্স খুলে প্রায় ৫ মাসে মিলেছে ৫১ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ-রুপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব দান সিন্ধুকে।
এর আগে চলতি বছরের ২৭ জুন ৬ মাস পর মসজিদের এসব দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিন শেষে গণনা করে যার পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এছাড়াও দানবাক্সে পাওয়া গিয়েছিল বিপুল পরিমান স্বর্ণ-রূপার অলঙ্কার ও বিদেশি মুদ্রা।
আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৭ টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ৫১টি বস্তায় ভরে এসব টাকা নেয়া হয় ওই মসজিদের দোতলায়। মেঝেতে ঢেলে মাদ্রাসার প্রায় ৩০০ জন ছাত্র, ১০ জন শিক্ষক ও রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা টাকাগুলো গণনা করছেন। টাকার নিরাপত্তায় রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।
দিনভর গণনা শেষে আজ সন্ধ্যায় টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
এ মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগ-বালাই দূর হওয়া সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সকল ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল, হাস, মুরগীসহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন।
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে।
কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত এ মসজিদ। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



