উপজেলা সংবাদ: ভৈরব

ভৈরবে হাত-পা মুখ বাঁধা অবস্থায় প্রবাসীর মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রবাসী রোকন আহমেদ জয় (২৬) ওই এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, রোকন আহমেদ জয় সিঙ্গাপুরে শ্রমিকের কাজ করেন। প্রায় দুই বছর সিঙ্গাপুরে থাকার পর এক মাস আগে ছুটিতে দেশে ফিরেছেন তিনি। আজ সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে রোকন আহমেদ জয়কে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে, পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ

ভৈরবে এক প্রতিষ্টানের সাড়ে ৩৫ কোটি টাকার মূসক ফাঁকি!
কিশোরগঞ্জের ভৈরব বাজারে অবস্থিত "জে আই ইমপেক্স লিমিটেড" নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩৫ কোটি টাকার মূসক (ভ্যাট) ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৭ সেপ্টেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) সূত্রে জানা যায়, কমিশনারের নির্দেশ এবং যুগ্ম কমিশনারের নেতৃত্বে সদর দপ্তর ও নরসিংদী ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রিভেন্টিভ দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব বাজারের ৩৫৪ ওয়েস্ট ঠিকানার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযান শেষে প্রতিষ্ঠানের ভ্যাট সংক্রান্ত বিভিন্ন নথি ও ডিজিটাল আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে, ১২টি ক্লিপ ফাইল, ৫ বান্ডেলে ৯৮টি বাণিজ্যিক দলিলাদি, ২২টি প্লাস্টিক ফোল্ডার, ১টি সিপিইউ, ৪টি টালি খাতা, ৪টি রেজিস্টার, ১ বান্ডেল ট্রাক রেন্ট ডকুমেন্টস, ২টি মেমো ফাইল, ১০ বান্ডেল ট্রাক ড্রাইভার খরচের বিবরণী এবং কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত কম্পিউটার প্রিন্টেড বিক্রয় দলিলাদি। পরবর্তীতে জব্দ করা এসব দলিলাদি গভীরভাবে পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩-২৬ অর্থবছর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মাসভিত্তিক পণ্য সরবরাহের ৭২টি ফোল্ডার, নথি, কাঁচা চালান ও বিক্রয়ের তথ্য রয়েছে। এসব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে মোট ৬২১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকার পণ্য বিক্রির তথ্য পাওয়া যায়। এর বিপরীতে প্রাথমিকভাবে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকার মূসক ফাঁকি শনাক্ত করা হয়। এনবিআর জানায়, বিশাল অংকের এই রাজস্ব ফাঁকির ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূসক ফাঁকি মামলা দায়েরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াদীন রয়েছে।

ভৈরবের আইনশৃঙ্খলা অবনতিতে লজ্জা পেতে হয়: প্রতিমন্ত্রী শরীফুল আলম
কিশোরগঞ্জের ভৈরবে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে লজ্জা পেতে হয় বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। শনিবার (২৯ আগস্ট) সকালে ভৈরব বাজার পুলিশ ফাঁড়িতে বাজারের বিভিন্ন সড়কে ৫০টি সিসি ক্যামেরা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গত দুই মাসে বাজারের নাম নিয়ে সংঘর্ষ, বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে বিরোধ, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি এবং সাবেক কাউন্সিলর আল-আমিন হত্যার মতো ঘটনা ঘটেছে। সংঘর্ষের কারণে সড়ক ও রেলপথ বন্ধ হয়ে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরও ২০০টি সিসি ক্যামেরা স্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, শুধু ক্যামেরা স্থাপন করলেই হবে না, স্থানীয় মানুষকেও সচেতন হতে হবে। অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নজমুস সাকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদসহ প্রশাসন, পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে কিশোরগঞ্জের যুবক নিহত
রাশিয়ার আমুর অঞ্চলে সিনাফেক্স কোম্পানীর গ্যাস-কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণের পর আগুনের ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন (৩৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রাসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রতন মিয়ার ছেলে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) আমুর অঞ্চলে একটি নির্মাণাধীন গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের বিষয়টি নিশ্চিত হতে পারেনি সহকর্মীরা। পরে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ারও খবর পাওয়া যায়। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে নিহত জাকির হোসেনের বাড়ীতে গিয়ে দেখা গেছে চলছে শোকের মাতম। তার মা ও স্ত্রীর আহাজারি তে ভাড়ী হয়ে উঠছে আশপাশ। সংসারের উপার্জনক্ষম ব্যাক্তিটিকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। বাকরুদ্ধ জাকিরের একমাত্র কন্যা সন্তানটি। স্বজনেরা জানায়, দেড় বছর আগে সংসারের সচ্ছলতা ফিরাতে চার ভাইয়ের মধ্যে বড়ভাই জাকির ধার দেনা করে রাশিয়ায় যান। সেখানে আমুর এলাকার সিনাফেক্স কোম্পানিতে যোগ দেন শ্রমিকের কাজে। প্রতিমাসে দেশে পরিবারের কাছে পাঠানো টাকা দিয়ে দেনা পরিশোধ করা হচ্ছিল। এর মধ্যে তার একটি প্রমোশনের খবর পায় পরিবার। এতে পরিবারের সকলের মধ্যে আশার আলো দেখা দেয়। বৃহস্পতিবার রাশিয়ায় শ্রমিকের কাজে যাওয়া এক নিকট আত্মীয়র কাছে তার মৃত্যু সংবাদ পাওয়ার পর শোকের ছায়া নেমে আসে এলাকায়। এ সময় ওই নিকট আত্মীয় জাকিরের মরদেহের ছবিও পাঠায় পরিবারের সদস্যদের কাছে। পরিবার ও এলাকাবাসীর দাবী জাকিরের লাশ যেন দেশে ফিরিয়ে আনা হয়। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ বলেন, "নিহতের পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে। মরদেহ দেশে আনতে যা করার তা আমরা করে যাচ্ছি। এছাড়া নিহতের পরিবারের পাশে থেকে তাদের সহযোগীতাও করবো আমরা।"