📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
কিশোরগঞ্জ জেলা সংবাদ

উপজেলা সংবাদ: কিশোরগঞ্জ সদর

মোট খবর: 17 টি
গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জ সদর১১ অক্টোবর, ২০২৬

গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী

আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, কোনো গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। সবাই মিলে পাহারা দিতে হবে। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। আজ রোববার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজাকে ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে প্রতিমন্ত্রী আরও বলেন, এবার প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে ৫০০ কেজির পরিবর্তে ৬০০ কেজি চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য শাড়ি উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহনা নাসরিন। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতের আমির রমজান আলী এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ। তিনি জানান, এবার কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় মোট ৪১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জের স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জ সদর২৮ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল সাগর মিয়া (৩২) বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার মৃত আয়েত আলীর ছেলে। নিহত ঝর্ণা আক্তার ছিলেন তার স্ত্রী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ১০ বছর আগে ঝর্ণা আক্তারের সঙ্গে ইসমাইল সাগর মিয়ার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ইসমাইল সাগর মিয়া দীর্ঘদিন ধরে স্ত্রীকে অত্যাচার, নির্যাতন ও মারধর করে আসছিলেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ২০১৬ সালের ১১ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে ঝর্ণা আক্তার দুই মেয়েকে নিয়ে গাজীপুরের ভাড়া বাসা থেকে বাজিতপুর উপজেলার নিলখী নয়াহাটে মায়ের বাড়িতে চলে আসেন। সেখানে তিনি মাকে স্বামীর নির্যাতনের বিষয়টি জানান। পরদিন ১২ এপ্রিল রাতে ইসমাইল সাগর মিয়া অজ্ঞাতনামা আরও দুজনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান। পরে কোমর থেকে ধারালো ছুরি বের করে ঝর্ণা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এসময় তিনি মাটিতে পড়ে গেলে তাকে লাথি, কিল ও ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গুরুতর আহত ঝর্ণা আক্তারকে স্বজনরা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা মোছা. জাহেরা বেগম বাদী হয়ে ইসমাইল সাগর মিয়া ও অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে বাজিতপুর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করেন। পরে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার আদালত ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন বিচারক।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জ সদর২৬ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনের আওতায় পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) ৩টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ‎‎শনিবার (২৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলার মারিয়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত এম এম খান ফুডস-কে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ‎এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরী-কে ৩ লাখ টাকা এবং নোংরা পরিবেশে বনরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে আজহার ফুড প্রডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি-কে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে আদালত। অভিযান চলাকালে সুগন্ধা ফুড প্রডাক্টস, গাংচিল রেস্তোরাঁ, কাচ্চি ভাই, হোটেল খাওয়া দাওয়া, তাজ রেস্টুরেন্ট ও মাটির হাঁড়ি রেস্তোরাঁসহ বেশ কিছু খাদ্য প্রতিষ্ঠানে প্রাপ্ত অসংগতি দূর করতে নির্দেশনাসহ মৌখিকভাবে সতর্ক করা হয়। অভিযানে কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমরান এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। ‎সার্বিক সহায়তায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের চৌকস দল।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত
কিশোরগঞ্জ সদর২১ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত

কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় নির্মাণকাজ চলছিল। ওই দুই শ্রমিক নিচ থেকে মাথায় করে রড ওপরে তোলার সময় এসির বক্সে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে আটক ২১ জন
কিশোরগঞ্জ সদর২০ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে আটক ২১ জন

কিশোরগঞ্জ শহর ও আশপাশের এলাকায় অনলাইন জুয়া এবং প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা এবং অনলাইনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলা শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। পুলিশ সুপার জানান, শনিবার রাতে কিশোরগঞ্জ শহর ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলা এবং অনলাইনে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ২১ জনকে আটক করা হয়। অভিযান চলাকালে তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। বর্তমানে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। অনলাইনভিত্তিক জুয়া ও অর্থ হাতিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ড ঠেকাতে শহর ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত
কিশোরগঞ্জ সদর১৯ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত

কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ায় জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৮৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৭২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওই দুই প্রতিষ্ঠানে যথাক্রমে ২৯ ও ২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এ ছাড়া কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, করিমগঞ্জে ৫, কুলিয়ারচরে ১, তাড়াইলে ৩, পাকুন্দিয়ায় ১, কটিয়াদীতে ৪ এবং হোসেনপুরে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা ও চিকিৎসা প্রটোকল অনুযায়ী ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের মশারির মধ্যে রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বজনদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল ও রোগীদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, জ্বর বা শরীর ব্যথা দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে পরীক্ষা করানো জরুরি। প্রাথমিক অবস্থায় রোগী হাসপাতালে এলে চিকিৎসা ব্যবস্থাপনা সহজ হয়। তবে জটিল অবস্থায় হাসপাতালে এলে চিকিৎসা কিছুটা কঠিন হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক বা ওষুধ সেবন না করার পরামর্শ দেন তিনি। ডা. সাইফুল ইসলাম আরও বলেন, ডেঙ্গুর ক্ষেত্রে চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি বিশ্রাম ও ঘুমের সময় মশারি ব্যবহারের পরামর্শ দেন তিনি। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।” বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫
কিশোরগঞ্জ সদর১৭ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫

কিশোরগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ১০৯ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। সিভিল সার্জনের কার্যালয়ের ১৭ সেপ্টেম্বরের ডেঙ্গু-সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৬ জন রয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১২ জন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ভর্তি আছেন। অন্যান্য হাসপাতালের মধ্যে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, করিমগঞ্জে ৫, কুলিয়ারচরে ৩, তাড়াইলে ৪, পাকুন্দিয়ায় ১, নিকলীতে ২, কটিয়াদীতে ৪ এবং হোসেনপুরে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ ছাড়া জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন। সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৭। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে অসহায় ও এতিম শিশুদের মাঝে পোষাক বিতরণ করলেন জেলা প্রশাসক
কিশোরগঞ্জ সদর১৬ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে অসহায় ও এতিম শিশুদের মাঝে পোষাক বিতরণ করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের মাদ্রাসায় অধ্যয়নরত অসহায় ও এতিম শিশুদের মাঝে দুই সেট করে পাঞ্জাবি-পায়জামা, লুঙ্গি, গামছা ও জুতা বিতরণ করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এসব পোষাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফসহ অনেকেই। নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠা নির্মল হাসি হয়ে ওঠে আয়োজনের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত। এছাড়াও প্রতিদিন আগত অসংখ্য মুসল্লি ও দর্শনার্থীদের সুবিধার্থে পাগলা মসজিদ প্রাঙ্গণে নির্মিত পাবলিক টয়লেট ও ওয়াশব্লক আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। পরে মসজিদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করা হয়। এর আগে মসজিদের আশপাশে প্রায় ২৫টি তাল গাছের চারাও রোপণ করা হয়েছিল। তথ্যসূত্র: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করলেন এমপি
কিশোরগঞ্জ সদর১৪ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করলেন এমপি

ভুমিসেবা সহজ করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা এই কেন্দ্র থেকে জনসাধারণ বিনামূল্যে সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিতে পারবেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রূপা এবং জেলার ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সংসদ সদস্য মাজহারুল ইসলামকে জেলা প্রশাসক সোহানা নাসরিন সেবাকেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, জেলার নাগরিকদের ভূমি সেবা সহজ ও হয়রানিমুক্ত করার জন্যে ভূমিসেবা কেন্দ্রটি করা হয়েছে। এটি ভূমি মন্ত্রণালয়ের একটি উদ্ভাবনী উদ্যোগ। এটির ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন। নাগরিকগণ সরাসরি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারবেন। এই কেন্দ্রের মাধ্যমে তারা প্রতিদিন ভূমি উন্নয়ন কর দেওয়া, নামজারি ও জমাখারিজ, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ বা নকশা প্রাপ্তির আবেদনসহ অন্যান্য সেবা পাবেন।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কিশোরগঞ্জ সদর১৩ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এনসিপি নেতা-কর্মীদের হুমকি, হত্যা চেষ্টা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের মুক্ত মঞ্চ চত্ত্বর থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ব্যানারে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠি সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলায় এনসিপি নেতা-কর্মীদেরকে হুমকি, তাদেরকে হত্যা চেষ্টা ও মিথ্যা মামলা দায়েরের ঘটনা ঘটেছে। সেই সাথে দেশব্যাপী আইন-শৃংখলা পরিস্থিতির অবনতিসহ দ্রব্যমুল্যের উর্ধগতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এসবের প্রতিকার না হলে এনসিপি বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার
কিশোরগঞ্জ সদর৮ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত অভিযানে প্রথমে ৩২ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। পুলিশ সুপার বলেন, "সরকারি হাসপাতালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে এমন তথ্য পুলিশের কাছে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর দালাল চক্রের সদস্যদের একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকার ভিত্তিতেই মঙ্গলবার পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে দুই হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩২ জনকে আটক করা হয়। পরে তাদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হলে দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়।" গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় অবস্থান করে গ্রাম থেকে চিকিৎসার জন্য আসা অসহায় ও সাধারণ রোগীদের টার্গেট করতেন। বিভিন্নভাবে তাদের সঙ্গে সখ্য তৈরি করে উন্নত চিকিৎসা, দ্রুত পরীক্ষা-নিরীক্ষা কিংবা কম খরচে চিকিৎসার কথা বলে প্রলুব্ধ করা হতো। পরে রোগী ও তাদের স্বজনদের সরকারি হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন তারা। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা একদিকে যেমন হয়রানির শিকার হন, অন্যদিকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ ব্যয়েরও অভিযোগ রয়েছে। বিশেষ করে জেলার প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসার জন্য আসা অসহায় রোগীরাই এসব দালালের প্রধান টার্গেট বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, দালাল চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সরকারি হাসপাতাল এলাকায় কোনো ধরনের দালালচক্রের তৎপরতা সহ্য করা হবে না।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ পালিত
কিশোরগঞ্জ সদর৮ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ পালিত

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, "সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতা নয়। বরং এটি মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম প্রধান ভিত্তি। একটি জ্ঞানভিত্তিক, দক্ষ, বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সকলের জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও জীবনমুখী শিক্ষার সুযোগ নিশ্চিত করা অপরিহার্য।" তিনি আরও বলেন, "পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল ও আর্থিক সাক্ষরতা এবং জীবনমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সচেতন, দক্ষ ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তুলতে হবে।" আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জেসমিন আক্তার। তথ্যসূত্র- মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান ফ্যাসিস্টের দোসর, দাবি সিবিএ নেতাদের
কিশোরগঞ্জ সদর৩ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান ফ্যাসিস্টের দোসর, দাবি সিবিএ নেতাদের

কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসানের প্রত্যাহার দাবি করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারি ইউনিয়ন (সিবিএ) কিশোরগঞ্জ শাখা কমিটি তাদের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচী পালন করে। মানববন্ধনে নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে প্রায়ই কটুক্তি করেন। এছাড়াও তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কিশোরগঞ্জের শাখা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে প্রায় সময় অশালীন ও উস্কানিমূলক কথাবার্তা বলেন। এসব নিয়ে সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ করলে তিনি গতকাল বুধবার দুপুরে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় কয়েকজন আহত হয়। পরে, সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গতকাল বুধবার দুপুরে উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসানের সঙ্গে আমাদের নেতা-কর্মীদের বিভিন্ন কথা বার্তার এক পর্যায়ে তিনি আমাদের উপর চড়াও হোন। এসময় উত্তেজনাবসত নিজেই আলমারির সাথে ধাক্কা লাগার কারনে তার মাথার এক পাশে অল্প কেটে যায়। পরে স্থানীয় থানায় গিয়ে তিনি আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন। সংগঠনের কার্যকরি সদস্য মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, এই কর্মকর্তা ফ্যাসিস্টের দোসর। তিনি প্রায় ৭ বছর যাবত কিশোরগঞ্জের এই অফিসে কর্মরত। সরকারি নিয়মে এক কর্মস্থলে ৩ বছর থাকার নিয়ম থাকলেও তিনি এখনো বহাল তবিয়তে আছেন। তার বাড়ি নারায়ণগঞ্জ সেখানে তার নামে সন্ত্রাসী মামলা আছে। তিনি নারায়ণগঞ্জের গডফাদার শামীম উসমানের কাছের লোক। এই দাপট দেখিয়ে সরকারি কোয়ার্টারে একা থাকার কথা থাকলেও পরিবার নিয়ে এসি রুমে বসবাস করছেন। জাকির হোসেন আরও বলেন, গতকালকের ঘটনায় তিনি আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেই ক্ষান্ত থাকেননি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নামে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তি ছড়িয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি মাহমুদুল হাসানের কিশোরগঞ্জ থেকে প্রত্যাহার দাবি করছি। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কার্যকরি সদস্য মো. জাকির হোসেন, ইসতিয়াক আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে অফিস কক্ষে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলীর উপর হামলা!
কিশোরগঞ্জ সদর২ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে অফিস কক্ষে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলীর উপর হামলা!

কিশোরগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় অফিস কক্ষে ঢুকে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি রক্তাক্ত জখম হয়েছেন বলেও জানা গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকায় অবস্থিত জেলা পানি উন্নয়ন বোর্ড অফিসে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ৪ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র দায়ের করেছেন ভূক্তভুগী উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম। অভিযুক্তরা হলেন, কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারি এবং ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সদস্য মো. জাকির হোসেন এবং ইসতিয়াক আহমেদ। অভিযোগ সূত্রে জানা যায়, আনুমানিক দুই মাস পূর্বে ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা তাদের একজন কেন্দ্রীয় নেতার সংবর্ধনা দেওয়া উপলক্ষে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের কাছে চাঁদা দাবী করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষীপ্ত হয়ে তাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। আজ বুধবার দুপুরে মাহমুদুল ইসলামের অফিস কক্ষে ঢুকে অভিযুক্ত চারজন মিলে তাকে প্রথমে গালিগালাজ ও পরে হামলা করে রক্তাক্ত যখম করে। পরে, ওই অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা আহত অবস্থায় উদ্ধার করে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি অভিযুক্ত সোয়াইব আহমেদ বলেন, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম আমাদের সামনে মরহুম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছে কয়েকদিন। আজ দুপুরে আমরা কয়েকজন বিষয়টি জিজ্ঞেস করতে তার অফিস কক্ষে গিয়েছিলাম। এ সময় তিনি উত্তেজিত হয়ে আমাকে চড় মারেন। তারপর দুই পক্ষ ধস্তাধস্তি হয়। তবে, মরহুম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে তুচ্ছতাচ্ছিল্যের কোন প্রমাণ দেখাতে পারেননি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ সদর৩১ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, দূর্নীতি ও মাদক নিয়ন্ত্রন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল,পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ ও ইলেকট্রনিকস-প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনবল সংকট দূরীকরণ, প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিতকরণসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত সহযোগিতা ও কার্যক্রম আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। তথ্যসূত্র: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে রাস্তার পাশে পরিচয়হীন বৃদ্ধের মানবেতর এক বছর!
কিশোরগঞ্জ সদর৩১ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জে রাস্তার পাশে পরিচয়হীন বৃদ্ধের মানবেতর এক বছর!

কিশোরগঞ্জ জেলা শহরের পাগলা মসজিদের সামনে ব্যাস্ততম সড়ক। পাশের ফুটপাতে গড়ে উঠেছে দোকান। সেখানে পরিত্যাক্ত একটি দোকানের ভাঙাচালা ও স্যাঁতস্যাতে দেয়ালের পাশে মানবেতর জীবন-যাপন করছেন এক বৃদ্ধ। পরিচয়হীন প্রায় ৭৫ বছর বয়েসী এই বৃদ্ধ এক বছর ধরে শীত রোদ বৃষ্টি ঝড়ে জীবনের অন্তিম সময় পাড় করছেন। দিন যায় মাস যায় এভাবে পেরিয়ে যাচ্ছে বছরও। কিন্তু মিলছেনা এ অসুস্থ বৃদ্ধের পরিচয়। ঠিকভাবে কথা বলতেও পারেননা তিনি। প্রশ্ন করলে শুধু বলেন, বাড়ি ময়মনসিংহের বেগুনবাড়ি। বয়সের ভারে হ্রাস পেয়েছে তাঁর শ্রবণ শক্তি। হাতে একটি লাঠি নিয়ে চলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ক্ষুধার যন্ত্রণা টের পেলেও খাবার দিলে খেতে পারেননা ওই বৃদ্ধ। শুধু তাকিয়ে থাকেন ফ্যাল ফ্যাল করে। তার এই তাকিয়ে থাকা বলে দেয়, এ যেন অপেক্ষা আপন কাউকে কাছে পাওয়ার। হয়তো জীবনে সবাই ছিল তাঁর। কিন্তু জীবনের শেষ অধ্যায়ে পাশে নেই আজ কেউ। স্থানীয় দোকানি সাজু মিয়া জানান, "প্রায় এক বছর আগে সকালে দোকান খুলতে এসে দেখি পাগলা মসজিদের সামনে সেতুর ফুটপাতে বসে আছেন এই বৃদ্ধ লোকটি। তারপর পাশেই ভাঙা পরিত্যাক্ত দোকানের নীচে ওনার থাকার ব্যবস্থা করি। দিন রাত এখানেই থাকেন তিনি। শীতে গরমে বৃষ্টিতে ভিজে পরে থাকেন এখানেই। খাবার দিলে খুব একটা খেতেও পারেননা। লোকটা খুব অসুস্থ, তার চিকিৎসা দরকার" স্থানীয় বাসিন্দা হীরা মিয়া বলেন, "এই বৃদ্ধ মানুষটির স্বজনদের খোঁজ করেও পাওয়া যাচ্ছেনা। এতদিন হয়ে গেল কেউ আসেনি তাঁর খোঁজ করতে। আশা করছি প্রশাসন এই অসুস্থ বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করবেন। পাশাপাশি খোঁজ করবেন তার স্বজনদের।" এ বিষয়টি জানালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, "একটি টেলিভিশন মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস
কিশোরগঞ্জ সদর২ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদ ও জেলা সুন্নী সাইবার টিমের যৌথ আয়োজনে এ মিছিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন। ​শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং সুন্নী আকাইদের পতাকা হাতে নিয়ে মহানবী (সা.)-এর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। ​পরে কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, তরফিয়া দরবার শরীফের গদিনিশীন পীর সৈয়দ ইয়াছিন, আটরশি দরবার শরীফের জেলার কর্মী প্রধান আনিসুর রহমান, পাটধা দরবারের গদিনিশীন পীর শফিকুল ইসলাম, ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদের সদস্য সচিব তানভীর আহমেদ আলামিন প্রমুখ। সমাবেশে বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনা করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →