📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৫ নভেম্বর, ২০২৬
শেয়ার:
কিশোরগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
📷 ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে আদালতের নিরাপত্তা, যথাসময়ে তদন্ত সম্পন্ন করা, ভুক্তভোগীদের চিকিৎসা সনদ যথাসময়ে আদালতে উপস্থাপন এবং মামলা দ্রুত নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। কনফারেন্সে বক্তব্য দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক। এ ছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, পারিবারিক আদালত-১-এর বিচারক, বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর, জেল সুপার, পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, এসআরবি-১৪-এর প্রতিনিধি, কোর্ট ইন্সপেক্টর, প্রবেশন অফিসার, সিআইডির প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ডিবির ওসি এবং জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। কনফারেন্সে পুলিশ সুপারের প্রতিনিধি মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি এ বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →