📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • কিশোরগঞ্জ সদর

ডায়াবেটিস সচেতনতায় কিশোরগঞ্জে ৭ কিলোমিটার ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৪ নভেম্বর, ২০২৬
শেয়ার:
ডায়াবেটিস সচেতনতায় কিশোরগঞ্জে ৭ কিলোমিটার ম্যারাথন
📷 ছবি- কিশোরগঞ্জ জার্নাল
ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৭ কিলোমিটার ম্যারাথন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে এ ম্যারাথনে অংশ নেন সাত শতাধিক মানুষ। সুস্থ জীবনযাপনে নিয়মিত হাঁটা ও শরীরচর্চার বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে শুরু হয় ম্যারাথন। প‌রে শহরতলীর বড়পুল এলাকায় গিয়ে আবার হাসপাতালের সামনে এসে শেষ হয় দৌড়। এতে সাত শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন। তাঁদের অধিকাংশই সফলভাবে ৭ কিলোমিটারের এই দৌড় সম্পন্ন করেন। ম্যারাথনের প‌রে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। এ ছাড়া কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও ডায়া‌বে‌টিস স‌মি‌তির সভাপ‌তি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ‌জেলা প‌রি‌ষ‌দের প্রশাসক খা‌লেদ সাইফুল্লাহ সো‌হেল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান এবং ডায়া‌বে‌টিক স‌মি‌তির সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন। ম্যারাথন শেষে ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বক্তারা বলেন, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাঁটা ও শরীরচর্চার বিকল্প নেই। শুধু ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরাই নন, সুস্থ থাকতে সব বয়সী মানুষকে শারীরিকভাবে সক্রিয় হতে হবে। নিজের শরীরের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানের শেষপর্বে ম্যারাথনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেট নয়, ব্যবস্থা নিন এখনই’।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →