আমাজনে ভয়াবহ দাবানল, পারা রাজ্যে ১২০ দিনের জরুরি অবস্থা

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট তীব্র খরা ও এল নিনোর প্রভাবে ব্রাজিলের আমাজন অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির উত্তরাঞ্চলীয় পারা রাজ্যে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের স্যাটেলাইট তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের শুরু থেকে পারা রাজ্যে ৫ হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। এই সংখ্যা গত বছরের (২০২৫) পুরো নভেম্বরের সমান। এমনকি গত ৪৮ ঘণ্টায় প্রায় ৭০০টি দাবানল সক্রিয় ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পারা রাজ্যে ১২০ দিন মেয়াদি জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। এর আওতায় জমিতে আগুন দিয়ে জঙ্গল বা চারণভূমি পরিষ্কার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি দাবানল নেভানো এবং নতুন করে আগুন লাগা ঠেকাতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
রাজ্য সরকারের তথ্যমতে, ৮৭ লাখ মানুষের বসবাসের রাজ্য পারায় খরা অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে। শুকিয়ে যাওয়া গাছপালা দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করছে। এতে স্থানীয় জনগোষ্ঠী, বনভূমি ও সামগ্রিক উৎপাদনব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এর আগে প্রতিবেশী আমাজনাস রাজ্যের মানাউস শহরেও দাবানলের ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছিল। এ কারণে অক্টোবরের শুরুতে সেখানে স্কুল বন্ধ রাখতে হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, এল নিনোর প্রভাবে আমাজন অঞ্চলের তাপমাত্রা বাড়ছে এবং খরা আরও তীব্র হচ্ছে। এ বছর এটি এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় অরণ্য আমাজন রক্ষা করা বৈশ্বিক উষ্ণতা মোকাবিলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে ব্রাজিলের আমাজনে রেকর্ডসংখ্যক দাবানলের ঘটনা ঘটেছিল। তবে জলবায়ুর বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলতি বছর আগুনের প্রকোপ আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরে দাবানলের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



