📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সৌরজগতের প্রান্তে নতুন সম্ভাব্য বামন গ্রহের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৩ নভেম্বর, ২০২৬
শেয়ার:
সৌরজগতের প্রান্তে নতুন সম্ভাব্য বামন গ্রহের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা
📷 ছবি: সংগৃহীত
ছোটবেলার বিজ্ঞানের বইয়ে সৌরজগতের যে ছবি দেখা যায়, তাতে মাঝখানে থাকে বিশাল সূর্য, আর তাকে ঘিরে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে আটটি গ্রহ। কিন্তু সৌরজগতের বাস্তব চিত্র এর চেয়ে অনেক বেশি বিস্তৃত ও রহস্যময়। এরই মধ্যে সৌরজগতের একেবারে প্রান্তে নতুন একটি সম্ভাব্য বামন গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। চিলির ভেরা সি. রুবিন অবজারভেটরির শক্তিশালী ক্যামেরায় ধরা পড়া বস্তুটির অস্থায়ী নাম দেওয়া হয়েছে ‘২০২৬ ইডি১৩৮’। বিজ্ঞানীদের ধারণা, বস্তুটির ব্যাস ৬০০ থেকে ১ হাজার ৫০০ কিলোমিটারের কাছাকাছি হতে পারে। সূর্য থেকে এর দূরত্ব প্রায় ৪৬ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অর্থাৎ, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের প্রায় ৪৬ গুণ দূরে অবস্থান করছে এটি। হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের গবেষক ম্যাথিউ হোলম্যান রুবিন অবজারভেটরির বিশাল ডেটাবেস বিশ্লেষণ করতে গিয়ে গত ১৩ অক্টোবর ২০২৬ ইডি১৩৮-কে প্রথম শনাক্ত করেন। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা সৌরজাগতিক একক হিসেবে ধরা হয়। তুলনা করলে দেখা যায়, আমাদের পরিচিত প্লুটোর গড় দূরত্ব প্রায় ৪০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সে হিসাবে নতুন বস্তুটি প্লুটোর চেয়েও দূরে, নেপচুনের বাইরের ট্রান্স-নেপচুনিয়ান অঞ্চলে অবস্থান করছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ওই অঞ্চলের পরিচিত বস্তুগুলোর মধ্যে এটি সবচেয়ে উজ্জ্বল। এত দিন চোখে পড়েনি কেন? এত বড় একটি মহাজাগতিক বস্তু এত দিন বিজ্ঞানীদের চোখ এড়িয়ে গেল কীভাবে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এর একটি কারণ হলো বস্তুটির অবস্থান। রাতের আকাশে দেখা মিল্কিওয়ে গ্যালাক্সির উজ্জ্বল ও ঘন নক্ষত্রপুঞ্জের পটভূমিতে অবস্থান করায় এটি শনাক্ত করা কঠিন ছিল। লাখো নক্ষত্রের তীব্র আলোর মধ্যে তুলনামূলক অনুজ্জ্বল বস্তুটি সহজেই আড়ালে থেকে যায়। ম্যাথিউ হোলম্যান রুবিন অবজারভেটরির ডেটাবেস বিশ্লেষণ করতে গিয়ে গত ১৩ অক্টোবর বস্তুটিকে শনাক্ত করেন। এরপর এর আগের অবস্থান ও অস্তিত্বের প্রমাণ খুঁজতে শুরু করেন বিজ্ঞানীরা। অনুসন্ধানে ২০১৬ সালের পুরোনো আর্কাইভেও বস্তুটির উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ, অন্তত এক দশক ধরে এটি মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, অথচ বিজ্ঞানীদের নজরে আসেনি। বামন গ্রহ হিসেবে স্বীকৃতি পেতে যা প্রয়োজন তবে ২০২৬ ইডি১৩৮-কে এখনই বামন গ্রহ বলা যাচ্ছে না। পূর্ণ স্বীকৃতি পেতে হলে একাধিক শর্ত পূরণ করতে হবে। ২০০৬ সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহের মর্যাদা দেওয়া হয়। সাধারণ গ্রহ ও বামন গ্রহের মধ্যে অন্যতম পার্থক্য হলো কক্ষপথের আশপাশের এলাকা নিয়ন্ত্রণের সক্ষমতা। একটি গ্রহ তার কক্ষপথের আশপাশের অধিকাংশ বস্তু সরিয়ে বা নিজের মহাকর্ষীয় প্রভাবের অধীনে এনে এলাকাটি নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, বামন গ্রহের কক্ষপথে অন্য ছোট ছোট পাথর ও বরফখণ্ডের মতো বস্তু থাকতে পারে। ইডি১৩৮-কে বামন গ্রহ হিসেবে স্বীকৃতি পেতে হলে এর নিজস্ব মহাকর্ষ শক্তি এতটা শক্তিশালী হতে হবে, যাতে সেটি নিজের আকৃতিকে প্রায় গোলাকার করে নিতে পারে। শেষ পর্যন্ত সব শর্ত পূরণ হলে সৌরজগতের স্বীকৃত বামন গ্রহের তালিকায় যুক্ত হতে পারে বস্তুটি। বর্তমানে সৌরজগতের স্বীকৃত পাঁচটি বামন গ্রহ হলো সেরেস, প্লুটো, হাউমেয়া, মেকমেক ও এরিস। তবে দূরত্বের কারণে এসব বস্তুর আকার ও ভর নির্ভুলভাবে পরিমাপ করা বেশ কঠিন। এর একটি উদাহরণ প্লুটো। গ্রহটির কাছ থেকে বিস্তারিত ছবি সংগ্রহের জন্য নাসাকে নিউ হরাইজনস নামে একটি মহাকাশযান পাঠাতে হয়েছিল। ২০০৬ সালে যাত্রা শুরু করে মহাকাশযানটির প্লুটোর কাছাকাছি পৌঁছাতে সময় লেগেছিল দীর্ঘ সাড়ে নয় বছর। সৌরজগতের সীমানায় আরও কত রহস্য সৌরজগতের বিস্তৃতি আটটি গ্রহের কক্ষপথের মধ্যেই সীমাবদ্ধ নয়। নেপচুনের পর শুরু হয়েছে কুইপার বেল্ট, যা প্রায় ৫০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত। এর বাইরে রয়েছে স্ক্যাটার্ড ডিস্ক অঞ্চল, যা প্রায় ১ হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত ছড়িয়ে আছে। আরও দূরে রয়েছে রহস্যময় উর্ট ক্লাউড, যা সূর্য থেকে প্রায় ১ লাখ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। এই বিশাল অঞ্চলে গংগং, কুয়াওয়ার, সেডনা ও অরকাসের মতো আরও অনেক মহাজাগতিক বস্তু রয়েছে। এগুলোর কিছু বামন গ্রহ হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ২০২৬ ইডি১৩৮। সৌরজগতের প্রান্তে এমন নতুন বস্তুর সন্ধান মহাকাশ সম্পর্কে মানুষের প্রচলিত ধারণাকে আরও বিস্তৃত করছে। তবে বস্তুটির প্রকৃত আকার, গঠন ও বামন গ্রহ হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিশ্চিত হতে আরও পর্যবেক্ষণ ও গবেষণার প্রয়োজন। সূত্র: ওয়্যার্ড ডটকম
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →