📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে কারাবন্দী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৯ নভেম্বর, ২০২৬
শেয়ার:
কিশোরগঞ্জে কারাবন্দী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
📷 ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষ মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রঞ্জিত কুমার ঘোষ জেলার সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিলেন। কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর জেল সুপার জাহানারা বেগম এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক মাস যাবত রঞ্জিত কুমার কারাগারে বন্দী অবস্থায় ছিলেন। আজ সোমবার সকাল ১০টার দিকে তিনি অসুস্থতা অনুভব করলে তাকে কারা কতৃপক্ষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা পৌনে এগারোটার দিকে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। জেল সুপার আরও জানান, রঞ্জিত কুমার ঘোষ বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। এবং তিনি কারা অভ্যন্তরে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন। আজ অসুস্থতার মাত্রা বেশি হলে উন্নত চিকিৎসার জন্য বাহিরে হাসপাতালে নেওয়া হয়েছিল। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান জেল সুপার জাহানারা বেগম। নিহত রঞ্জিত কুমার ঘোষের স্বজনেরা জানান, জুলাই আন্দোলনের মামলায় পুলিশ রঞ্জিত কুমারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →