কিশোরগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদের অফিস সহায়কের মৃত্যু

কর্মস্থলে যাওয়ার পথে কিশোরগঞ্জ জেলা পরিষদের অফিস সহায়ক মুক্তার হোসেনের (৫৬) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলা শহরের শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের সামনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত মুক্তার হোসেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মন্নর আলী। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইসাইকেলে চড়ে অফিসে যাচ্ছিলেন মুক্তার হোসেন। পথিমধ্যে শোলাকিয়া পপুলার হাসপাতালের মোড়ে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই দুই যানবাহনের ঠিক মাঝখানে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুক্তার হোসেন খুব ভালো মানুষ ছিলেন। প্রতিদিনের মতো তিনি অফিসে আসছিলেন। হঠাৎ এমন দুর্ঘটনা ঘটে। তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রাপ্য ক্ষতিপূরণ দ্রুত পাওয়ার বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা পরিষদ প্রশাসক।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



