📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জাতীয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য অনুচিত, সরকারের কঠোর অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২৭ অক্টোবর, ২০২৬
শেয়ার:
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য অনুচিত, সরকারের কঠোর অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
📷 ছবি: সংগৃহীত
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, আইজিপির এমন বক্তব্য দেওয়া উচিত হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ক্রসফায়ার সমর্থন করে না। এ ধরনের ঘটনা কিংবা পুলিশ হেফাজতে মৃত্যু কোনোভাবেই বরদাশত করা হবে না। আইজিপির বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনের কঠোর প্রয়োগের কথা বলতে গিয়ে সরল মানুষ হিসেবে তিনি অসতর্কতাবশত কথাটি বলে ফেলেছেন। তবে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। তাঁর দাবি, এখন পর্যন্ত ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছিলেন তিনি। আইজিপির ওই বক্তব্যের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ক্রসফায়ার নিয়ে পুলিশপ্রধানের মন্তব্য সরকারের জন্য বিব্রতকর। রিজভী বলেন, দীর্ঘদিন ধরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশপ্রধানের মুখে এমন বক্তব্য আসা উদ্বেগের বিষয়। আইজিপির বক্তব্যের পর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন প্রতিক্রিয়া জানায়। সমালোচনার মুখে সোমবার সন্ধ্যায় এ বিষয়ে ব্যাখ্যা দেয় পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যায় বলা হয়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কঠোরতা বোঝাতেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →