হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও মো. আজহারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে রবিবার বিকালে তাদের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে যান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে হোসেনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



