পাগলা মসজিদের দানবাক্সে ৫ মাসে মিলেছে ১৮ কোটিরও বেশি টাকা

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্সে এবার প্রায় ৫ মাসে ১৫টি দান বাক্স খুলে পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমান স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা। দানের এইসব অর্থ মসজিদের স্থানে আন্তর্জাতিক মানের ইসলামী কমপ্লেক্স বানানোসহ জেলার দরিদ্র-অসহায় রুগীদের চিকিৎসাকাজে ব্যায় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের লোহার দানবাক্সগুলো খুলতেই দেখা যায় শুধু টাকা আর টাকা।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসব টাকা ৫১টি বস্তায় ভরে নেয়া হয় ওই মসজিদেরই দোতলায়। পরে, আইনশৃঙ্খলা বাহীনির কড়া নিরাপত্তায় মসজিদের মেঝেতে বসে টাকা গুনেন প্রায় চারশত মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও শতাধিক ব্যাংক কর্মকর্তা। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৫ ঘন্টায় এসব টাকা গণনা শেষ হয়।
তিন থেকে চারমাস পরপরই এমন দৃশ্যের দেখা মিলে কিশোরগঞ্জের পাগলা মসজিদে। এবার প্রায় ৫মাস পর মসজিদের ১৫ টি দানবাক্স খুলে বের করা হয় দানের টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, রূপা ও স্বর্ণালংকার।
এর আগে চলতি বছরের ২৭ জুন ৬ মাস পর মসজিদের ১৫ টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিন শেষে গণনা করে যার পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এছাড়াও দানবাক্সে পাওয়া গিয়েছিল বিপুল পরিমান স্বর্ণ-রূপার অলঙ্কার ও বিদেশি মুদ্রা।
এ মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগ-বালাই দূর হওয়া সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সকল ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল, হাস, মুরগীসহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন। এছাড়াও দেশ ও দেশের বাহির থেকে মসজিদের ওয়েবসাইটে অনলাইনে টাকা দান করে থাকেন মানতকারিরা।
রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থেকে মানতের টাকা মসজিদে দান করতে আসেন পুস্প রাণী বর্মন। তিনি বলেন, আমার দুইটি খাসি মানত ছিল। মনবাসনা পূর্ণ হওয়ায় মানত দান করে গেলাম।
নেত্রকোণা জেলার কেন্দুয়া থেকে আসা আফিল উদ্দিন বলেন, আমি এই মসজিদে একটি গরু মানত করেছিলাম। এবার এসে সেটি দিয়ে গেলাম। আমার নিয়ত অনুযায়ী মনবাসনা পূরন হয়েছে।
পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, এবার দানের টাকার পরিমাণ পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এই পাগলা মসজিদ। আজকের দানের টাকাসহ মসজিদের ব্যাংক একাউন্টে ১ শত ৫১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৮১ টাকা জমা পড়েছে। যা দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। আশাকরি দ্রুতই এর কাজ শুরু করা যাবে।
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই
পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে।
কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত এ মসজিদ। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



