📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
বিনোদন

জাতীয় কন্যাশিশু দিবস আজ

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
জাতীয় কন্যাশিশু দিবস আজ
📷 ছবি: সংগৃহীত
আজ জাতীয় কন্যাশিশু দিবস। দেশের শিক্ষাক্ষেত্রে কন্যাশিশুদের অংশগ্রহণের চিত্র পর্যালোচনা করলে একদিকে যেমন লক্ষণীয় অগ্রগতি চোখে পড়ে, তেমনি অন্যদিকে ঝরে পড়ার হার নিয়েও রয়ে গেছে গভীর উদ্বেগ। গত কয়েক বছরে সরকারের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে উপবৃত্তি কর্মসূচির প্রভাবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে ছেলেদের সঙ্গে মেয়েদের শিক্ষা অংশগ্রহণে লৈঙ্গিক সমতাও অর্জিত হয়েছে বলে দেখা যাচ্ছে। তবে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক পর্যায়ে পা রাখলেই এই চিত্র অনেকটাই বদলে যায়। এ পর্যায়ে এসে মেয়েদের একটি উল্লেখযোগ্য অংশ আর পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং শিক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ উপাত্তেও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার এই হারকে এখনো উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপাত্ত অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে ছেলেদের ঝরে পড়ার হার প্রায় ৩০ দশমিক ৬৩ শতাংশ, আর মেয়েদের ক্ষেত্রে এই হার আরও বেশি, প্রায় ৩৪ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে মেয়েদের অংশগ্রহণ ও সাফল্য তুলনামূলকভাবে ভালো হলেও মাধ্যমিকে পৌঁছে তাদের একটি বড় অংশ শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। মেয়েদের শিক্ষাজীবন থেকে ছিটকে পড়ার পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বাল্যবিবাহ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ অনুযায়ী, ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭১ শতাংশ মেয়েই বাল্যবিবাহের কারণে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বাস্তবতায় শুধু মেয়েদের বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করাই যথেষ্ট নয়, তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়াও এখন সময়ের জরুরি দাবি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, কন্যাশিশুর শিক্ষা শুধু তার একার ভবিষ্যৎ গঠনের বিষয় নয়—এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটি পরিবার, সমাজ এবং সবশেষে গোটা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নও। তাই বিদ্যালয়ে মেয়েদের ভর্তির হার বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ধরে রাখা, নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহের ঝুঁকি থেকে তাদের সুরক্ষা দেওয়ার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →
জাতীয় কন্যাশিশু দিবস আজ | কিশোরগঞ্জ জার্নাল | কিশোরগঞ্জ জার্নাল