প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সরবরাহ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সার্বিক স্বাস্থ্যব্যবস্থা আধুনিকীকরণের বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক।
তিনি জানান, উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার আওতা বাড়ানো, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষিত এসব কর্মীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে এই বৈঠকে।
এর আগে সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। এতে গেটস ফাউন্ডেশন ছাড়াও ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ও রোটারি ইন্টারন্যাশনালসহ বিশ্বের একাধিক শীর্ষস্থানীয় সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
চলমান জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রেক্ষাপটে এই বৈঠক বৈশ্বিক মানবিক সংকট, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি করে। এতে দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে দাতব্য ও মানবিক সহযোগিতার পরিসর বাড়ানো এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



