জ্বালানি তেলের দাম আর বাড়বে না, সুযোগ পেলে কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, পরিস্থিতি অনুকূলে এলে বরং বর্তমান দামের চেয়ে তা কমানো হবে।
বুধবার ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি নিয়ে এসব মন্তব্য করেন।
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেলের দামে বড় ধরনের ব্যবধান তৈরি হলে সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকি বেড়ে যায়, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। মূলত এই পাচার ঠেকাতেই বাধ্য হয়ে দাম সমন্বয় বা বৃদ্ধি করতে হয়েছিল বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পরিস্থিতি স্থিতিশীল হলে এবং দেশের ভেতরের পরিস্থিতিও অনুকূলে এলে দাম আবার সমন্বয় করা হবে। এমন সুযোগ তৈরি হলে আগের তুলনায় দাম কমানোরও আশ্বাস দেন তিনি।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



