📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • astagram

অষ্টগ্রামে প্রাচীন স্থাপত্যের নিদর্শন 'কুতুব শাহ্ মসজিদ'

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৩১ আগস্ট, ২০২৬
শেয়ার:
অষ্টগ্রামে প্রাচীন স্থাপত্যের নিদর্শন 'কুতুব শাহ্ মসজিদ'
📷 ছবি- সংগৃহীত
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন কুতুব শাহ্ মসজিদ। বলা হয়ে থাকে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন মসজিদ এটি। এই মসজিদের গায়ে কোন প্রাচীন শিলালিপি না থাকলেও এর স্থাপত্যশৈলী দেখে এটিকে ১৬শ শতকে সুলতানি আমলে নির্মিত বলে অনুমান করা হয়। কোন কোন ঐতিহাসিক এটিকে ১৭শ শতকের শুরুতে বলেও ধারণা করেন। ১৯০৯ সালে তৎকালীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদকে সংরক্ষিত হিসেবে নথিভুক্ত করে। সুদূর ইয়ামেন থেকে আগত বিখ্যাত দরবেশ কুতুব শাহ্’র নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয়। মসজিদের পশ্চিমপাশে এই দরবেশের কবর অবস্থিত। মসজিদের দক্ষিণ পাশে আরও ৪টি কবর দেখা যায়। এগুলো তার সঙ্গীর কবর বলে ধারণা করা হয়। মসজিদটিতে মোট ৫টি গম্বুজ রয়েছে। পূর্ব দেয়ালের প্রবেশ পথের বিপরীতে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে। এগুলো সর্পিল নকশাবিশিষ্ট অলঙ্করণ দ্বারা সজ্জিত। এখানে ব্যবহৃত অর্ধচন্দ্রাকৃতির একটি টেরাকোটার নকশা এ মসজিদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মসজিদটির অবস্থান কিশোরগঞ্জ জেলার শতভাগ হাওরঅধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে। সারাদেশ থেকে কিশোরগঞ্জের হাওরে ঘুরতে আসা পর্যটকদের অনেকেই এই কুতুব শাহ্ মসজিদটি দেখার জন্য উদগ্রীব থাকেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →