কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা কাকালচর গ্রামের বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫) ও তাদের সন্তান জারা মনি (১০)। এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে মিলন মিয়া (৩৫)। নিহত ৩ জনই অটোরিক্সার যাত্রী ছিলেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
স্থানীয়রা জানায়, কটিয়াদীর আচমিতা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটি ভৈরবের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর আরও দুজন মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



