জামায়াতের প্রার্থী চুড়ান্ত, অপেক্ষা এখন বিএনপি'র প্রার্থী ঘোষণার

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি'র সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক পদত্যাগ করার পর আসনটি শূন্য হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
১৪ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। ১৭ নভেম্বর স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করার পর বিকেলে সংসদ অধিবেশনে বিষয়টি অবহিত করেন তিনি। পরে, আসনটি শূন্য হওয়ার বিষয়টি জানান স্পিকার।
শূন্য হওয়া এ আসনে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের করা হবে বলে জানানো হয়। সে অনুযায়ী বুধবার (২৫ নভেম্বর) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ আলম জানান, তফসিল অনুযায়ী এ সংসদীয় আসনে উপ-নির্বাচনে প্রার্থীতার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর, ভোট গ্রহণ ১০ জানুয়ারি ২০২৭ সাল।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ড. ওসমান ফারুক ধানের শীষ প্রতীকে এক লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) ডা. জেহাদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পান এক লাখ দুই হাজার ৪৭৬ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল মাত্র ৯,৯৯০।
এবার উপনির্বাচনের তফসিল ঘোষণার পর আসনটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গেলো নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) ডা. জেহাদ খানকে এবারও মনোনয়ন দিয়েছে দলটি।
এদিকে দলীয় মনোনয়ন পেতে মাঠে সক্রিয় বিএনপির অন্তত পাঁচজন নেতা। সবাই এখন মাঠে কাজ করাসহ মরিয়া হয়ে কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন দলীয় টিকিটের আশায়।
তাদের মধ্যে উল্লেখযোগ্য চারজন হলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল মুহাম্মদ গাউস ও জাহাঙ্গীর আলম মোল্লা। জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলোচিত চার নেতার মধ্যে তিনজনই করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। এছাড়াও মনোনয়ন প্রত্যাশায় মাঠে কাজ করছেন জেলা বিএনপির সাবেক স্বাস্থবিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ এরশাদ আহসান সোহেল। তাঁর বাড়িও করিমগঞ্জ উপজেলায়।
আগের নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরাজিত হওয়ায় এবার উপনির্বাচনে তাকে ঘিরে দলটির নেতাকর্মীদের প্রত্যাশা আরো বেড়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, "আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। আমরা এখন তাকে নিয়ে মাঠে কাজ করছি। এছাড়া ঢাকা থেকে আরও নির্দেশনা আসবে, সে মোতাবেক কাজ করে যাচ্ছি।"
অন্যদিকে আসনটি বিএনপিরই থাকবে বলে আশা করছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা।
বর্তমানে করিমগঞ্জ ও তাড়াইলের হাটবাজার থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত এখন আলোচনার কেন্দ্রে নির্বাচন। তবে কে হচ্ছেন ধানের শীষের প্রার্থী তা নিয়ে কৌতুহলের যেন শেষ নেই। মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকেরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের ঘোষণার অপেক্ষায়।
তাড়াইল উপজেলার জাওয়ার বাজারের মুদি দোকানী রহমত মিয়া বলেন, "জানুয়ারীর ১০ তারিখ ভোট। এখনো কারা কারা প্রার্থী তা জানিনা। প্রার্থীরা মাঠে আসুক, তারপর বিবেচনা করবো কাকে ভোট দেওয়া যায়।"
করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া এলাকার চায়ের দোকানদার কামাল উদ্দিন বলেন, "অহনো কোন প্রচার প্রচারণা দেখতাছিনা। তবে, ফেসবুকে ছবি দেহি অনেকের। সময় আসুক, কে দাঁড়াইবো ভোটে, ভাল মানুষ কিনা তা দেইখা ভোট দেম।"
বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশীর মধ্যে শেষ পর্যন্ত কে দলীয় মনোনয়ন পান, সেটিও নির্বাচনি মাঠে গুরুত্বপূর্ণ বিষয়। এমনটি বলেছেন একাধিক বিএনপি নেতা-কর্মীরা।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী জালাল মোহাম্মদ গাউস বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছিলাম। আশাকরি দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক ভূমিকা মনোনয়নের ক্ষেত্রে বিবেচনায় আসবে।"
মনোনয়নপ্রত্যাশী আরেক নেতা জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, "২০০৮ সালের নির্বাচনে দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছিল। আমি আশাবাদী, এবার উপনির্বাচনে দল আমাকে মনোনয়ন দেবে।"
মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম বলেন, তৃণমূলের জন-মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কই আমার বড় শক্তি। আশাকরছি দল আমাকে মনোনয়ন দিবে।
সবশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনে মোট ভোটার চার লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় দুই লাখ ৯১ হাজার ৫৭ জন এবং তাড়াইল উপজেলায় এক লাখ ২১ হাজার ৬০৬ ভোটার রয়েছেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



