বাজিতপুরে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কিশোরগঞ্জের বাজিতপুরে গভীর রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
গতরাত ৩টার দিকে উপজেলার পিরিজপুর বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, এ বাসটি ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নির্ধারিত ছিল। বাজিতপুরের পিরিজপুর ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন এ বাসে করে কলেজে যাতায়াত করেন। সোমবারও শিক্ষার্থীদের আনা-নেওয়া শেষে বাসটি পিরিজপুর বাজার এলাকায় রাস্তার পাশে নির্ধারিত স্থানে রাখা হয়েছিল।
পরে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



