📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
বিনোদন

মারা গেলেন ‘সিআইডি’ ও ‘আহট’ খ্যাত নির্মাতা বিপি সিং

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২৭ অক্টোবর, ২০২৬
শেয়ার:
মারা গেলেন ‘সিআইডি’ ও ‘আহট’ খ্যাত নির্মাতা বিপি সিং
📷 ছবি: সংগৃহীত
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অপরাধভিত্তিক ধারাবাহিক ‘সিআইডি’ ও ভৌতিক সিরিজ ‘আহট’-এর প্রযোজক ও পরিচালক বিপি সিং মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ব্রিজেন্দ্র পাল সিং নামে পরিচিত বিপি সিং দীর্ঘদিন ধরে ভারতীয় টেলিভিশন অঙ্গনে কাজ করেছেন। তাঁর প্রযোজনা ও পরিচালনায় নির্মিত ‘সিআইডি’ একসময় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯৯৮ সালে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি ভারতীয় টেলিভিশনের দীর্ঘস্থায়ী ও আলোচিত অপরাধভিত্তিক সিরিজগুলোর অন্যতম হয়ে ওঠে। ‘সিআইডি’তে মুম্বাইয়ের অপরাধ দমন শাখার কর্মকর্তাদের নানা জটিল অপরাধের রহস্য উদ্‌ঘাটনের গল্প তুলে ধরা হতো। অপরাধীদের শনাক্ত করা, রহস্যের সমাধান এবং প্রতিটি ঘটনায় নাটকীয় মোড়ের কারণে ধারাবাহিকটি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পায়। দীর্ঘদিন প্রচারিত এই সিরিজটি বহু দর্শকের স্মৃতিতে জায়গা করে নিয়েছে। অপরাধভিত্তিক নাটকের পাশাপাশি ভৌতিক ও রহস্যনির্ভর অনুষ্ঠান নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান ছিল বিপি সিংয়ের। তাঁর সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে ‘আহট’ ধারাবাহিকের নাম। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রচারিত এই সিরিজটি অতিপ্রাকৃত ঘটনা ও ভৌতিক কাহিনির মাধ্যমে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। দীর্ঘ কর্মজীবনে বিপি সিং একাধিক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ করেছেন। ভারতীয় টেলিভিশনে অপরাধভিত্তিক রোমাঞ্চকর কাহিনি ও ভৌতিক গল্পের জনপ্রিয়তা বাড়াতে তাঁর কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মৃত্যুতে ভারতীয় টেলিভিশন অঙ্গনের একটি উল্লেখযোগ্য অধ্যায়ের অবসান ঘটল।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →