📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
সারাদেশ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২০ অক্টোবর, ২০২৬
শেয়ার:
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০
📷 ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোর-পাবনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনপাড়া হাইওয়ে থানা পুলিশ এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তাঁরা উদ্ধারকাজ শুরু করে হতাহতদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ ও বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ছাড়া গুরুতর আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্যও এখনো জানা যায়নি।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →