ডলারের দাম নিয়ন্ত্রণে রিজার্ভ থেকে আরও ২ কোটি ডলার বিক্রি

ডলারের বিনিময় হার ১২৪ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও ২ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে রাখতে সোমবার (১৯ অক্টোবর) বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এসব ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। চলতি অর্থবছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সোমবার প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে প্রতি ডলার বিক্রির দর ছিল ১২২ টাকা ৮০ পয়সা।
অর্থাৎ, আগেরবারের তুলনায় এবার প্রতি ডলারে ৮৫ পয়সা বেশি দামে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাজারে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ার চাপ সামাল দেওয়া এবং বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ। তবে ডলারের বাজারে এর প্রভাব কতটা স্থায়ী হবে, তা নির্ভর করবে বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহের পরিস্থিতির ওপর।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



