চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
এ বছর গত ২ জুলাই থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত থাকা কয়েকটি লিখিত পরীক্ষা গত ৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এবার ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। সারা দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি—৩ লাখ ৩৯৩ জন। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেট বোর্ডে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন।
অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন
সূত্রঃ আজকের পত্রিকা
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



