📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • কিশোরগঞ্জ সদর

গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১১ অক্টোবর, ২০২৬
শেয়ার:
গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী
📷 ছবি- কিশোরগঞ্জ জার্নাল
আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, কোনো গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। সবাই মিলে পাহারা দিতে হবে। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। আজ রোববার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজাকে ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে প্রতিমন্ত্রী আরও বলেন, এবার প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে ৫০০ কেজির পরিবর্তে ৬০০ কেজি চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য শাড়ি উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহনা নাসরিন। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতের আমির রমজান আলী এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ। তিনি জানান, এবার কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় মোট ৪১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →