বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ক্রিকেট ফাইনালে পাকিস্তান

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। বাংলাদেশের দেওয়া ১১২ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।
নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তাওহীদ হৃদয়। ২৫ বলে ৪২ রানের ইনিংসে তিনি হাঁকান ২টি চার ও ৪টি ছক্কা।
এ ছাড়া সাইফ হাসান ১৭ বলে ১৯ রান, মোসাদ্দেক হোসেন ১৬ বলে ১১ রান করেন। মাহেদী হাসান ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের ইনিংসে অতিরিক্ত থেকে যোগ হয় ১৯ রান।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সুফিয়ান মুকিম। ৩ ওভারে ২৬ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। আরাফাত মিনহাস ২৩ রান খরচ করে পান ২ উইকেট। অন্যদিকে সাইম আইয়ুব ২ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে একটি উইকেট তুলে নেন।
১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। দলীয় ৬ রানের মধ্যেই অধিনায়ক সাহিবজাদা ফারহানকে হারায় তারা। এরপর ১৬ রানে ফিরে যান মাজ সাদাকাত। ১২ বলে ২১ রান করে সাইম আইয়ুব আউট হন দলীয় ৩৮ রানে।
এরপর উসমান খানও ১৪ রান করে ফিরে গেলে ৫৩ রানেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।
তবে সেখান থেকে ম্যাচের চিত্র বদলে দেন হাসান নওয়াজ ও আবদুল সামাদ। পঞ্চম উইকেটে মাত্র ২৪ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তারা।
হাসান নওয়াজ ২২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে আবদুল সামাদ ১৫ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কার মার।
বাংলাদেশের হয়ে মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন। তবে বল হাতে ব্যয়বহুল ছিলেন মুস্তাফিজুর। ২ ওভারে তিনি খরচ করেন ৪১ রান।
শেষ পর্যন্ত ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে নেয় পাকিস্তান। ফলে ৬ উইকেটের জয় নিয়ে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে জায়গা করে নেয় তারা। আর সেমিফাইনালে হেরে বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান শেষ হয়।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



