📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬, মৃতদের মধ্যে ব্যবসায়ী উইকনেল চিভায়োও

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১ অক্টোবর, ২০২৬
শেয়ার:
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬, মৃতদের মধ্যে ব্যবসায়ী উইকনেল চিভায়োও
📷 ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের মারোন্দেরা জেলায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির আলোচিত ব্যবসায়ী উইকনেল চিভায়ো এবং তার স্ত্রী লুসি মুতেকেও রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ। বুধবার রাজধানী হারারের দক্ষিণ-পূর্বে মারোন্দেরা জেলায় এই দুর্ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, হেলিকপ্টারটিতে চারজন যাত্রী ও দুজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারটিতে আগুন ধরে যাওয়ায় আরোহীদের মরদেহ পুড়ে যায়। পুলিশের মুখপাত্র পল নিয়াথি জানান, মরদেহগুলো পুড়ে যাওয়ার কারণে শুরুতে পরিচয় শনাক্তের কাজ কিছুটা সময়সাপেক্ষ হয়ে পড়ে। পরবর্তীতে জেডবিসি নিউজ পারিবারিক সূত্রের বরাত দিয়ে উইকনেল চিভায়ো ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। নিহত ৪৩ বছর বয়সী ব্যবসায়ী উইকনেল চিভায়ো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত ছিলেন। তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এবং ইসওয়াতিনির রাজা তৃতীয় মসওয়াতিসহ বিভিন্ন আঞ্চলিক নেতার সঙ্গে নিজের ব্যক্তিগত সাক্ষাতের ছবি প্রকাশ করতেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →