📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • ইটনা

ইটনায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৫ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
ইটনায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
📷 ছবি- সংগৃহীত
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধনপুর বাজারসংলগ্ন সুরমা নদীতে বসে এই লোকজ উৎসব। সকাল থেকেই নদীর দুই তীরে ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধনপুর বাজার ও নদীতীর পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়। ধনপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা শুধু নিছক বিনোদনের আয়োজন নয়। এর ভেতরে ছিল একটি বৃহত্তর সামাজিক বার্তা। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার আহব্বান। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার একাধিক নৌকা অংশ নেয়। নৌকা পানিতে নামার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। মাঝিদের সমবেত বৈঠার আঘাতে মুহূর্তেই বদলে যায় সুরমার চেহারা। শান্ত নদী যেন হঠাৎ হয়ে ওঠে ছন্দময় এক মঞ্চ। পাড়জুড়ে অগণিত নারী-পুরুষের করতালি, উল্লাস আর উৎসাহে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার,পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইটনা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুমেশ চন্দ্র গোপ এবং ধনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু ভজন কান্তি দাস। অনুষ্ঠানে লন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন। বক্তারা গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী আয়োজনের গুরুত্ব তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →