ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রুশ পণ্যবাহী জাহাজ পৌঁছাল বন্দরে, নিরাপদ ১৬ নাবিক

ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলার শিকার হওয়ার পর টেনে নেওয়া রাশিয়ার পণ্যবাহী জাহাজ স্পার্টা-২ সোমবার সেন্ট পিটার্সবার্গ বন্দরে পৌঁছেছে। জাহাজটির ১৬ জন নাবিকও নিরাপদে বন্দরে পৌঁছেছেন বলে জানিয়েছে আরব নিউজ।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দ্রোজদেনকো বলেন, জাহাজটি এবং এর ১৬ জন নাবিক সবাই নিরাপদে বন্দরে পৌঁছেছেন।
শনিবার জাহাজটিতে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। এ সময় নাবিকদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। প্রথমে তাঁদের লাইফবোটে তোলা হয়। পরে কাছাকাছি থাকা রাশিয়ার আরেকটি জাহাজে স্থানান্তর করা হয়। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানান গভর্নর।
ফিনল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, স্পার্টা-২ জাহাজে হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে।
হামলার পর জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় চলে যায়। এ ঘটনায় রাশিয়া, ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মধ্যে বিরল সহযোগিতা দেখা গেছে। জাহাজটির আগুন নেভাতে মোট সাতটি জাহাজ কাজ করে। এর মধ্যে রাশিয়ার দুটি, এস্তোনিয়ার দুটি এবং ফিনল্যান্ডের তিনটি জাহাজ ছিল।
এ হামলার বিষয়ে ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার জানিয়েছেন, লিবিয়ার বেনগাজি বন্দরে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি নৌবাহিনীর করভেট যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



