📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি এখন সবচেয়ে বিপজ্জনক, বাড়ছে জাহাজে হামলা

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২৩ নভেম্বর, ২০২৬
শেয়ার:
হরমুজ প্রণালি এখন সবচেয়ে বিপজ্জনক, বাড়ছে জাহাজে হামলা
📷 ছবি: সংগৃহীত
প্রায় ৯ মাস ধরে চলা যুদ্ধে ইরানের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল যে জলপথ দিয়ে পরিবাহিত হতো, সেটির নিয়ন্ত্রণের মাধ্যমে তেলের দাম ও যুদ্ধের গতিপথ প্রভাবিত করার চেষ্টা করছে তেহরান। ইরানকে কাবু করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব প্রচেষ্টা এসে আটকে যাচ্ছে হরমুজ প্রণালিতে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি এখন সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া এবং তেল থেকে ইরানের আয় কমে আসায় দেশটি প্রণালিতে আবারও হামলা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর এই প্রথম গত অক্টোবরে হামলার সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে। রয়্যাল নেভি-সংশ্লিষ্ট যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) এসব হামলার পরিসংখ্যান প্রকাশ করেছে। সংস্থাটির তথ্যের ভিত্তিতে সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, রবিবার পর্যন্ত নভেম্বরে অন্তত ২২টি হামলার খবর পাওয়া গেছে। যুদ্ধ শুরুর পর থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এই প্রতিবেদন এলাকার আওতায় রয়েছে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগর। তবে ব্রিটিশ এই সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থার পরিসংখ্যানে হামলার প্রকৃত সংখ্যা কম উঠে আসতে পারে। কারণ, সংস্থাটি শুধু প্রাথমিক উৎসের মাধ্যমে যাচাই করা ঘটনাগুলোই প্রকাশ করে। শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক পর্যালোচনায় ইউকেএমটিও জানিয়েছে, আরও কিছু ঘটনার খবর পাওয়া গেলেও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে কৌশলগত এই জলপথে জাহাজের ওপর হামলা বেড়ে যাওয়ায় অনেক জাহাজ শনাক্তকরণ এড়াতে তাদের বাণিজ্যিক ট্র্যাকিং ডিভাইস বন্ধ করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি প্রকাশিত এক প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, হামলার শিকার বেশিরভাগ জাহাজই সংস্থাটিকে ঘটনা সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে হামলার প্রকৃত সংখ্যা নিরূপণ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এদিকে, ইরানের সামরিক বাহিনী প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে প্রতিদিন হামলার দাবি করেছে। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সামুদ্রিক মাইনও ব্যবহার করা হচ্ছে। ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর ওমানের খাসাবের কাছে হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে একটি জাহাজে আগুন ধরে যায়। পরে আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। অক্টোবরের আগে এই অঞ্চলে হামলার খবর পাওয়া যেত গড়ে প্রতি মাসে প্রায় ১০টি। পরিসংখ্যানে কিছুটা পার্থক্য থাকলেও আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার তথ্যও ইঙ্গিত দেয়, এ বছর এখন পর্যন্ত অক্টোবরে নিশ্চিত ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি এলাকায় পরিণত হয়েছে। সেখানে হামলার কারণে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। যুদ্ধের সূচনাকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান নৌযান চলাচল বন্ধ করার চেষ্টা শুরু করে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ যে প্রণালি দিয়ে পরিবাহিত হতো, সেই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ২০২৫ সালের ভিত্তিমাত্রার তুলনায় এখনো কম রয়েছে। সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ম্যারিস্কসের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার প্রণালি থেকে বের হওয়া তিনটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাত লেগেছে। হামলার পেছনে কারা ছিল, তা প্রতিষ্ঠানটি নিশ্চিত করতে পারেনি। তবে এতে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে বলে মূল্যায়ন করা হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমতে থাকা এবং ইরানের অভ্যন্তরীণ অপরিশোধিত তেল থেকে আয় ক্রমাগত চাপে পড়ায় তেহরান হামলা বাড়িয়ে চলেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই জলপথের ওপর নিজেদের প্রভাব হারানোর আশঙ্কা এবং ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টায় ইরান আরও হামলা চালাতে পারে। আন্তর্জাতিক শক্তি সংস্থা তেলের দামের সাম্প্রতিক পতনের জন্য উপসাগরীয় অঞ্চলের রপ্তানি পুনরুদ্ধারকে দায়ী করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা কমে যাওয়ায় দেশটির মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পরও তেলের দাম কমেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ ইরান বিশ্লেষক হামিদরেজা আজিজি সিএনএনকে বলেন, ‘বাজারগুলো ক্রমশ এই ধারণাই করছে যে পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার আশঙ্কা কম এবং তেল সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে। তবে ইরান সংঘাত তীব্র করার সিদ্ধান্ত নিলে এই ধারণা দ্রুত বদলে যেতে পারে।’ অন্যদিকে, সামুদ্রিক তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের মতে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকায় বিশ্ববাজারে দেশটির তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে ইরানের অভ্যন্তরীণ তেল আয় দ্রুত কমছে। অক্টোবরের শেষ দিকে কেপলার জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধ অঞ্চলের বাইরে থাকা পানিতে ইরানি তেলের পরিমাণ শূন্যে নেমে এসেছে। কারণ, চলতি মাসের শুরুর দিকে চীনে সর্বশেষ কার্গো খালাস করা হয়েছে। এর ফলে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ইরানের তেল আয় শূন্যে নেমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে বলেছেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সে দিন অনেক আগেই চলে গেছে! তাদের শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে, আর তাদের প্রণালিও আমাদের দখলে!’ পরবর্তী সময়ে ট্রাম্প ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ইরানে আবারও সামরিক হামলা চালাতে তিনি দ্বিধা করবেন না।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →