ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৩৯ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
রবিবার উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে সেরং জেলায় অবস্থিত ‘ফোনুসা আগুং মুলিয়া’ কারখানায় শনিবার (২১ নভেম্বর) বিকেলে আগুনের সূত্রপাত হয়। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, মিষ্টান্ন ও চিনিজাত পণ্য প্রস্তুতকারী কারখানাটির বিভিন্ন অংশে আগুন জ্বলছে। এ সময় ছাদের একাংশ ধসে পড়তেও দেখা যায়।
উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো জানান, এখন পর্যন্ত ৩৯ জনের সন্ধানে তল্লাশি চলছে। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার (২২ নভেম্বর) কারখানার কিছু অংশে আগুন জ্বলতে থাকায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের কাজ বেশ জটিল হয়ে পড়েছে।
রিজকি আরও বলেন, যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা মাঠে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ভুক্তভোগীদের খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। স্থানীয় দুর্যোগ সংস্থা রবিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



