সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর চেনাব নদীতে ২ জলবিদ্যুৎ প্রকল্প চালুর উদ্যোগ ভারতের

সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর পশ্চিমাঞ্চলীয় নদীতে ভারতের প্রথম দুটি জলবিদ্যুৎ প্রকল্প চালু হতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের শেষ নাগাদ ১ হাজার মেগাওয়াট ক্ষমতার ‘পাকাল দুল’ এবং ৬২৪ মেগাওয়াট ক্ষমতার ‘কিরু’ প্রকল্প দুটি চালুর লক্ষ্য নিয়েছে ভারত সরকার।
গত এপ্রিলে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে প্রথমবারের মতো দুটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ করতে যাচ্ছে ভারত। জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় চেনাব নদীর ওপর নির্মিত ১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘পাকাল দুল’ এবং ৬২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘কিরু’ জলবিদ্যুৎ প্রকল্প দুটি আগামী ডিসেম্বরের শেষ নাগাদ চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার।
পেহেলগাম হামলার পর গত এপ্রিলে ভারত ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রকল্প দুটির কমিশনিং বা চালুর প্রক্রিয়া শুরু হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং বাঁধে পানি ভরা ও খালি করতে কিছুটা সময় লাগবে। তবে আগামী কয়েক মাসের মধ্যেই প্রকল্প দুটি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।
সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় নদী—রবি, বিয়াস ও শতদ্রুর মোট পানির প্রায় ২০ শতাংশের ওপর ভারতের একচ্ছত্র অধিকার রয়েছে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলীয় নদী—সিন্ধু, ঝিলাম ও চেনাবের মোট পানির প্রায় ৮০ শতাংশের ওপর পাকিস্তানের পূর্ণ অধিকার স্বীকৃত ছিল।
ওই কর্মকর্তা আরও জানান, চুক্তিটি স্থগিত থাকায় এর অধীনে থাকা নকশা ও পরিচালনাগত বিধিনিষেধগুলো এখন আর প্রযোজ্য নয়। ফলে প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়া সহজ হবে। তবে চুক্তিটি কবে বা আদৌ নতুন করে আলোচনায় আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
**কিরু প্রকল্প**
৪ হাজার ২৮৭ কোটি রুপি ব্যয়ে নির্মিত কিরু প্রকল্পে রয়েছে ১৩৫ মিটার উঁচু বাঁধ এবং ১৫৬ মেগাওয়াট ক্ষমতার চারটি ইউনিট। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
**পাকাল দুল প্রকল্প**
৮ হাজার ১১২ কোটি রুপি ব্যয়ে চেনাবের উপনদী মারুসুদারের ওপর নির্মিত হয়েছে পাকাল দুল প্রকল্প। এতে রয়েছে ১৬৭ মিটার উঁচু বাঁধ এবং ২৫০ মেগাওয়াট ক্ষমতার চারটি ইউনিট।
ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) এবং জম্মু ও কাশ্মীর স্টেট পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগ ‘চেনাব ভ্যালি পাওয়ার প্রজেক্টস’ ‘রান-অব-দ্য-রিভার’ পদ্ধতিতে প্রকল্প দুটি নির্মাণ করেছে।
**ভবিষ্যৎ পরিকল্পনা**
পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে ভারতের প্রায় ১৮ হাজার ৫৬৯ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। তবে দেশটি এ পর্যন্ত মাত্র ৩ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে।
এ অবস্থায় আরও বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে ভারত। এর মধ্যে ৫৪০ মেগাওয়াটের ‘কোয়ার’ প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ৮৫০ মেগাওয়াটের ‘রাতলে’ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে।
এ ছাড়া সাওয়ালকোট, কিরথাই-২, দুলহস্তি পর্যায়-২ এবং উরি-১ পর্যায়-২ নামের আরও চারটি প্রকল্প প্রস্তাবিত রয়েছে। পাশাপাশি চেনাব নদী থেকে রবি নদী পর্যন্ত ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ একটি টানেল নির্মাণের পরিকল্পনাও করছে ভারত।
রবি নদীর ওপর ২০৬ মেগাওয়াট ক্ষমতার শাহপুরকান্দি প্রকল্পটি ২০২৭ সালের মাঝামাঝি সময়ে চালু হওয়ার কথা রয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



