সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ গেল কটিয়াদীর ফয়সালের

সৌদি আরবের মক্কায় কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফয়সাল মিয়া (২৮)।
ছয়তলা ভবনের ওপর থেকে কাঠের তক্তা পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ফয়সাল মিয়া কটিয়াদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামা বোয়ালিয়া এলাকার মৃত মো. চান মিয়ার কনিষ্ঠ ছেলে।
নিাহত ফয়সাল মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সৌদি আরবে থাকা পরিচিতজনদের মাধ্যমে ফয়সালের দুর্ঘটনার খবর পান স্বজনেরা। কর্মস্থলে একটি ছয়তলা ভবনের ওপর থেকে কাঠের তক্তা পড়ে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তাঁর মৃত্যুর খবর পরিবারের সদস্যরা জানতে পারেন।
ফয়সালের বড় ভাই মো. সজল মিয়া জানান, পাঁচ ভাইয়ের মধ্যে ফয়সাল ছিলেন সবার ছোট। দুর্ঘটনার আগের রাতেও মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তখন তিনি জানিয়েছিলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশে ফিরবেন। দীর্ঘ ১৪ বছর ধরে সৌদি আরবের মক্কায় একটি নির্মাণপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ফয়সাল।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ জানান, নিহতের পরিবারের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় দাপ্তরিক যোগাযোগ ও পদক্ষেপ নেওয়া হবে। তবে এ প্রক্রিয়া সংশ্লিষ্ট আইনি আনুষ্ঠানিকতা ও মরদেহের পরিস্থিতির ওপর নির্ভর করবে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



