শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে বরণ করে নেয়।
এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা। পরে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে নিজের আসনে বসেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজকের আয়োজনে রয়েছে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মধ্যে স্মারক উপহার বিতরণ, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কথোপকথনের কর্মসূচি। এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের আঁকা ছবি ও একটি ফটো গ্যালারিও পরিদর্শন করবেন বলে জানা গেছে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী যাবেন শিশু জাদুঘর ভবনে, যেখানে ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করবেন তিনি।
উল্লেখ্য, এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



