মিঠামইনে আগুনে পুড়ল দুই বাড়ি ও সারের গোডাউন

কিশোরগঞ্জের মিঠামইনে রান্নাঘর থেকে লাগা আগুনে দুটি বসতবাড়ি ও একটি সারের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গিরিশপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গিরিশপুর গ্রামের নূর হোসেনের বাড়িতে রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে পাশের দিলীপ চৌধুরীর বাড়িতেও ছড়িয়ে পড়ে।
আগুনে নূর হোসেনের একটি সেমিপাকা বসতঘর, সারের গোডাউন ও ১৫টি ইউ-প্যাটার্নের ঘর পুড়ে যায়। ঘরগুলোর আলমারি, আইপিএস, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্রও পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, দিলীপ চৌধুরীর টিনশেড দোতলা বাড়িটিও আগুনে পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন মালামালের পাশাপাশি ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা পুড়ে গেছে বলে জানা গেছে। এ বাড়িতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে যান।
তিনি জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে দুটি বসতবাড়িসহ সারের গোডাউন পুড়ে গেছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



