সকালে গরম পানি পান করা উপকারী নাকি ক্ষতিকর?

শীতকালে ঠান্ডা পানি পান করতে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাই এ সময় হালকা কুসুম গরম পানিই বেশি পছন্দ করেন অনেকে। তবে সকালে খালি পেটে গরম পানি পান করা কতটা উপকারী, আর এতে কোনো ক্ষতির আশঙ্কা আছে কি না—এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে হালকা গরম পানি পান করা সাধারণত ক্ষতিকর নয়। বরং পরিমিত পরিমাণে এবং সহনীয় তাপমাত্রায় পান করলে এর কিছু উপকারও মিলতে পারে। তবে পানি অতিরিক্ত গরম হলে কিংবা একসঙ্গে বেশি পরিমাণে পান করলে অস্বস্তি বা অন্য সমস্যা দেখা দিতে পারে।
গরম পানি পানের সম্ভাব্য উপকারিতা
হজমে সহায়তা করে- সকালে হালকা গরম পানি পান করলে পাকস্থলী সক্রিয় হতে সহায়তা করতে পারে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য কমাতেও এটি কিছুটা উপকারী হতে পারে।
শরীরের বর্জ্য নিষ্কাশনে সহায়তা করে-পর্যাপ্ত পানি পান শরীরের স্বাভাবিক বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়াকে সচল রাখতে সহায়তা করে।
রক্ত সঞ্চালনে সহায়ক- হালকা গরম পানি শরীরে স্বাভাবিক রক্ত সঞ্চালন বজায় রাখতে সহায়তা করতে পারে।
শরীর উষ্ণ রাখতে সাহায্য করে- শীতের সকালে কুসুম গরম পানি শরীরকে আরামদায়ক উষ্ণতা দিতে পারে।
গলা আরাম দিতে সহায়ক- গরম পানি গলা আরাম দিতে এবং কফ জমার সমস্যা কিছুটা কমাতে সহায়তা করতে পারে।
কখন গরম পানি ক্ষতিকর হতে পারে?
অতিরিক্ত গরম হলে- ফুটন্ত বা খুব বেশি গরম পানি পান করলে গলা ও খাদ্যনালিতে জ্বালা কিংবা ক্ষত হওয়ার আশঙ্কা থাকে।
গ্যাস্ট্রিক বা আলসার থাকলে- অতিরিক্ত গরম পানি পাকস্থলীতে অস্বস্তি বাড়িয়ে দিতে পারে।
একসঙ্গে বেশি পানি পান করলে- হঠাৎ করে অনেকটা পানি পান করলে বমি ভাব বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে।
নিরাপদে যেভাবে পান করবেন- সকালে পান করার জন্য হালকা গরম বা কুসুম গরম পানি বেছে নেওয়াই ভালো। একবারে ২০০ থেকে ২৫০ মিলিলিটার বা এক গ্লাস পানি যথেষ্ট। দ্রুত পান না করে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করা উচিত।
চাইলে পানিতে ২ থেকে ৩ ফোঁটা লেবুর রসও যোগ করা যেতে পারে। তবে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে লেবুর রস না দেওয়াই ভালো।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



