📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
শিক্ষা

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ এবার, জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৫ অক্টোবর, ২০২৬
শেয়ার:
শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ এবার, জানালেন প্রধানমন্ত্রী
📷 ছবি: সংগৃহীত
দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী পাঁচ বছরে শিক্ষাখাতে বাজেট ধাপে ধাপে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ বছরই শিক্ষার্থীরা নতুন সিলেবাসের বই পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার, যেখানে কোনো শিশুই শিক্ষাবঞ্চিত থাকবে না। কারিগরি ও ব্যবহারিক জ্ঞানকে অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাদানের কৌশল পরিবর্তন এখন সময়ের দাবি। তার ভাষায়, প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প হিসেবে নয়, বরং সহায়ক শক্তি হিসেবে দেখতে চায় সরকার। এই লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তারেক রহমান বলেন, নতুন সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক পাবে শিক্ষার্থীরা, আর তারা যেন বইবিমুখ হয়ে না পড়ে, সে জন্য শিখন পদ্ধতিতে আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। পাশাপাশি সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের টিচার্স ট্রেনিং কলেজগুলো আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। শিক্ষকতা পেশা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকতাকে কখনো উপায়হীন বিকল্প পেশা হিসেবে বিবেচনা করা উচিত নয়। মেধাবীরা যেন শিক্ষকতাকে নিজেদের পছন্দের শীর্ষ তালিকায় রাখেন, সেভাবেই ভবিষ্যতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে শিক্ষকদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →
শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ এবার, জানালেন প্রধানমন্ত্রী | কিশোরগঞ্জ জার্নাল | কিশোরগঞ্জ জার্নাল