সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ সঠিক নয়: মাগুরা প্রশাসন

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে বলা হয়েছে—এমন অভিযোগ ওঠার পর তা সঠিক নয় বলে দাবি করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের ভাষ্যমতে, সভার শৃঙ্খলা এবং নির্ধারিত কার্যসূচি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই সেদিন বক্তব্য দিয়েছিলেন জেলা প্রশাসক।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে মহম্মদপুর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার উন্নয়ন কার্যক্রম, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত একাধিক ব্যক্তি জানান, পরিচয় পর্ব চলাকালে সভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই বক্তব্য দেন জেলা প্রশাসক। তবে তিনি সাংবাদিকদের প্রতি কোনো অসম্মানজনক মন্তব্য করেননি বা কাউকে জোরপূর্বক সভা ত্যাগের নির্দেশও দেননি বলে দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
প্রশাসনের একটি সূত্র আরও জানায়, সভার নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আমন্ত্রিত অংশগ্রহণকারীদের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখার বিষয়ে কথা বলেছিলেন জেলা প্রশাসক। পরবর্তীতে এই বক্তব্য ভুল ব্যাখ্যা বা ভুল বোঝাবুঝির কারণে বিতর্কের জন্ম দিয়ে থাকতে পারে বলে মনে করছে প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, জেলা প্রশাসক সব সময় গণমাধ্যমবান্ধব মনোভাব পোষণ করেন এবং সাংবাদিকদের তথ্য জানার অধিকার ও পেশাগত দায়িত্ব সম্পর্কে তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল। সভার বক্তব্যকে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা মূলত ভুল বোঝাবুঝি থেকেই হয়েছে বলে মনে করেন তিনি। এ ছাড়া সাংবাদিকদের সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনস্বার্থ আরও ভালোভাবে নিশ্চিত হয়, আর ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ বজায় থাকবে বলে আশ্বাস দেন তিনি।
সভায় অংশ নেওয়া কয়েকজন উপস্থিত ব্যক্তি জানান, জেলা প্রশাসক তার বক্তব্যে জেলার উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং স্থানীয় সমস্যা সমাধানে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও গুরুত্বের সঙ্গে শুনেছেন বলে জানান তারা।
এদিকে জেলা প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হলেও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি হিসেবেই দেখার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকলে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে সমাধান করা সম্ভব।
উল্লেখ্য, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ চলতি বছরের ৪ জুন মাগুরা জেলার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জেলার বিভিন্ন উপজেলা পরিদর্শন এবং উন্নয়নমূলক কার্যক্রম তদারকির কাজ করে আসছেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



