জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয়: খলিলুর রহমান

জাতিসংঘ নিখুঁত কোনো প্রতিষ্ঠান নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প কল্পনাই করা যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ টেনে শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।
নিজের পোস্টে খলিলুর রহমান বলেন, জাতিসংঘ ঠিক কোন কোন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে তা খুঁজে বের করা প্রয়োজন এবং যেসব প্রক্রিয়া বা নীতি এখন আর কার্যকর নয়, সেগুলোতে দ্রুত সংস্কার আনা জরুরি। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, বিশ্ব সম্প্রদায়ের আস্থা এমনি এমনি চেয়ে নেওয়া যায় না, বরং কাজের মাধ্যমে তা অর্জন করে নিতে হয়। এই প্রসঙ্গে তিনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের পাশাপাশি তরুণ প্রজন্মের পরিবর্তনকামী কণ্ঠস্বরদেরও আরও বেশি করে যুক্ত করার আহ্বান জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আরও বলেন, চলতি অধিবেশন এমন একটি নতুন জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করে দিয়েছে, যা বর্তমান বিশ্বের কঠিন বাস্তবতা মোকাবিলায় যথেষ্ট বাস্তববাদী, প্রয়োজনীয় সংস্কার আনতে যথেষ্ট সাহসী এবং গুরুত্বপূর্ণ সব অংশীজনকে যুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট উন্মুক্ত মানসিকতার। তার ভাষায়, এই তিনটি বৈশিষ্ট্য একসঙ্গে ধারণ করেই জাতিসংঘকে ভবিষ্যতের চাহিদা অনুযায়ী প্রস্তুত ও কার্যকর একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সম্ভব।
খলিলুর রহমানের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বিশ্বজুড়ে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার এই বার্তা সংস্থাটির সংস্কার প্রক্রিয়াকে আরও গতিশীল করার একটি ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



