লিভার ক্যানসারে না ফেরার দেশে বলিউড অভিনেতা মুশতাক খান, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

চলে গেলেন বলিউডের পরিচিত মুখ, প্রবীণ অভিনেতা মুশতাক খান। দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। খবর ইন্ডিয়া টুডের।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে শোকবার্তা ও শ্রদ্ধা জানাতে শুরু করেন অভিনয়জগতের অনেক পরিচিত মুখ ও চলচ্চিত্র নির্মাতারা।
দীর্ঘ চার দশকের অভিনয়জীবনে মুশতাক খান বলিউডে নিজের একটি স্বতন্ত্র জায়গা তৈরি করে নিয়েছিলেন। ১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন এই গুণী শিল্পী।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহী’, ‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘হেরা ফেরী’, ‘মুঝসে শাদি করোগী’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’, ‘ওহ মাই গড’, ‘স্ত্রী’, ‘গদর ২’ এবং ‘স্ত্রী ২’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমা। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করলেও বিশেষ করে কমেডি ও পার্শ্বচরিত্রে তাঁর সাবলীল অভিনয় তাঁকে দর্শকদের কাছে আলাদাভাবে পরিচিত করে তোলে। ছোট ছোট চরিত্রেও অভিনয়ের মুনশিয়ানায় তিনি বারবার নজর কেড়েছেন সমালোচক ও দর্শক উভয় মহলেই।
মুশতাক খানের মৃত্যুর খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনেতা সানি দেওল, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, পরিচালক আনিস বাজমি এবং কৌতুক অভিনেতা সুনীল পালসহ ইন্ডাস্ট্রির আরও অনেকে। এছাড়া রাজনৈতিক অঙ্গন থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে তাঁকে—আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তাঁর মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় নিজের অবদান রেখে যাওয়া এই অভিনেতাকে স্মরণ করছেন তাঁর সহকর্মী ও ভক্তরা। বলিউডের কমেডি ও পার্শ্বচরিত্র অভিনয়ের ইতিহাসে মুশতাক খানের নাম দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



