পুলিশ সদস্যকে প্রকাশ্যে চড়, কারাগারে সেই নয়ন

মাগুরা শহরে এক পুলিশ কনস্টেবলকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার ঘটনায় দায়ের করা মামলায় মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাইমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।
গত ২৮ আগস্ট বিকেলে শহীদ স্মৃতি চত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ে একটি ওয়ার্কশপে যাওয়ার সময় কনস্টেবল মো. ইমরান হোসাইনের সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে সদর হাসপাতালের সামনে তার পথরোধ করে মারধর, সরকারি কাজে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।
মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোল রুমে কর্মরত কনস্টেবল ইমরান হোসাইন সদর থানায় মামলাটি করেন। এতে দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ৩৪১, ৩৩২, ৩৫৩ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় কয়েকজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে থাকা পুলিশ সদস্যকে নাইমুজ্জামান নয়ন চড় মারছেন। অন্য একটি ভিডিওতে তাকে পুলিশ সদস্যের মোটরসাইকেলের চাবি নিয়ে নিতে এবং আশপাশের লোকজনকে ঘটনাস্থলে আসতে বলতে দেখা যায়। সেখানে থাকা পুলিশের দুই সহকারী উপপরিদর্শক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সড়কে যান চলাচল নিয়ে বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। মাইক্রোবাসকে সাইড না দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়।
অভিযোগের বিষয়ে নাইমুজ্জামান নয়ন বলেন, যানজটে আটকে থাকা অবস্থায় ওই পুলিশ সদস্যকে সাইড দিতে বারবার হর্ন দিয়েও সাড়া না পেয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি পুলিশ সদস্যের মোটরসাইকেলের চাবি নিয়ে তাকে একটি থাপ্পড় দেন এবং এটিকে নিজের ভুল বলে স্বীকার করেন। মায়ের অসুস্থতা ও মানসিক চাপের কারণেও তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি বলে দাবি করেন।
ঘটনার পর নয়নকে থানায় নেওয়া হলেও তখন তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছিল। পরে মামলার তদন্তের একপর্যায়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র- আমার সংবাদ
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



