টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল

গাজীপুরের টঙ্গী গাজীপুরা এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিক আন্দোলনের কারণে এলাকায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বন্ধ রয়েছে ৩১টি কারখানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৮টার পর থেকে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন তাঁরা।
এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১১টায় এ প্রতিবেদন লেখার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
এদিকে, শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। স্বল্প দূরত্বের যানবাহন ছোট ছোট শাখা সড়কে প্রবেশ করেও যানজটের সৃষ্টি করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘মহাসড়কের বিভিন্ন স্থানে সমস্যা হচ্ছে। যানবাহন ধীরগতিতে চলছে। আমরা সমস্যা সমাধান করে মহাসড়কগুলো সচল রাখার চেষ্টা করছি।’
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর এলাকায় ২০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে ৩১টি গার্মেন্টস বন্ধ হয়েছে।’
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



