মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ জনসহ আহত ১০

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে এসব ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। গুলিবিদ্ধ পাঁচজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ওসি বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। সংঘর্ষের মধ্যে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



