📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন কুর্দি অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকা

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৯ নভেম্বর, ২০২৬
শেয়ার:
ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন কুর্দি অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকা
📷 ছবি: সংগৃহীত
উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) রাতে চালানো এ হামলায় স্থাপনাটিতে আগুন ধরে যায়। এর প্রভাবে সমগ্র কুর্দি অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। আল জাজিরার তথ্য যাচাইকারী সংস্থা ‘সানাদ’ খোর মোর গ্যাসক্ষেত্র থেকে ধোঁয়া ও আগুনের শিখা ওঠার একাধিক ভিডিও ফুটেজের সত্যতা নিশ্চিত করেছে। বিস্ফোরকভর্তি ড্রোনটি সরাসরি গ্যাস সংরক্ষণাগারে আঘাত হানায় বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা মুহূর্তের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ কমে যায়। হামলার পর পরিস্থিতির প্রভাব পড়ে প্রধান শহরগুলোতে। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ সরকারি ইরাকি সংবাদ সংস্থা (আইএনএ)-কে জানান, হামলার পরপরই এরবিল, সুলাইমানিয়াহ, বাজিয়ান, চামচামাল ও দুহোক শহরের বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ স্থগিত করতে হয়েছে। এর ফলে জাতীয় গ্রিড থেকে প্রায় ২৫০০ থেকে ২৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন একযোগে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে জরুরি পরিষেবা সচল রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওমিদ আহমেদ। জলবিদ্যুৎকেন্দ্র ও বিকল্প জ্বালানিচালিত অন্যান্য প্ল্যান্ট চালুর মাধ্যমে হাসপাতাল ও পানি শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে কুর্দি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। হামলাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক সংঘাতের সঙ্গে সম্পর্কিত কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ হামলার ঘটনা ঘটল। এর আগেও গত বছর একই গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা চালিয়েছিল অজ্ঞাত দুর্বৃত্তরা।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →