📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
সারাদেশ

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৯ নভেম্বর, ২০২৬
শেয়ার:
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
📷 ছবি: সংগৃহীত
উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসছে শীতের আমেজ। ভোরে কুয়াশা, উত্তরের ঠান্ডা বাতাস আর রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের উপস্থিতি জানান দিচ্ছে প্রকৃতি। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা স্বস্তি মিললেও সন্ধ্যার পর বাড়ছে ঠান্ডার অনুভূতি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ভোরে কাজে বের হওয়া খেটে খাওয়া মানুষ। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি। সকালে কুয়াশাচ্ছন্ন পরিবেশে কাজে বের হতে দেখা গেছে কৃষক, দিনমজুর, চা ও পাথরশ্রমিক এবং ভ্যানচালকদের। ঠান্ডা থেকে বাঁচতে অনেকে ব্যবহার করছেন চাদর ও গরম পোশাক। অটোভ্যানচালক তরিকুল ইসলাম জানান, সকালে গাড়ি নিয়ে বের হলে ঠান্ডা বাতাসে শরীর কাঁপে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে উষ্ণতা ফিরে আসে। চা শ্রমিক আবদুল খালেকও জানান, বাগানে কাজ করতে এখন সকালে গরম কাপড় নিতে হচ্ছে। এদিকে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে স্থানীয় বাজারগুলোতে শুরু হয়েছে শীতের পিঠার আয়োজন। সন্ধ্যার পর ভাপা, চিতই ও পাকান পিঠার দোকানে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে হিমেল বাতাস ও কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমছে। সোমবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ আরও বাড়তে পারে। তাপমাত্রার ওঠানামায় শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে। স্থানীয়দের দাবি, এ সময়ে অনেকে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে তাঁদের বাড়তি সতর্কতা ও যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি | কিশোরগঞ্জ জার্নাল | কিশোরগঞ্জ জার্নাল