📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
জাতীয়

সাইবার নিরাপত্তার শঙ্কায় টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২৪ অক্টোবর, ২০২৬
শেয়ার:
সাইবার নিরাপত্তার শঙ্কায় টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
📷 ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার পর নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও স্বাভাবিক কার্যক্রমে কোনো সমস্যা হয়নি। বৃহস্পতিবার দুপুরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর ওয়েবসাইটটি বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি পর্যবেক্ষণ এবং ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ওয়েবসাইটের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি পুনরায় চালু করা হবে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিক রয়েছে। ওয়েবসাইটটি কবে নাগাদ চালু হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। শনিবার সকাল ৮টা পর্যন্ত ওয়েবসাইটটি ব্যবহারকারীদের জন্য বন্ধ ছিল। এ সময় ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত একটি বার্তা দেখা যায়। বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’তে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এসব ত্রুটি শনাক্ত করেছে। এ পরিস্থিতিতে সাইবার নিরাপত্তার দুর্বলতা মোকাবিলায় সরকারও সতর্কতা জারি করেছে। এর আগে ২০১৬ সালে বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই ঘটনায় হ্যাকাররা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নেয়। এ ঘটনার পর তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন। সাইবার হামলার অতীত অভিজ্ঞতার কারণে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে এবারও সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। তবে ওয়েবসাইট বন্ধের সঙ্গে বর্তমান কোনো সাইবার হামলার সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →