মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর।
কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এর পেছনে ব্যক্তিগত, পেশাগত কিংবা অন্য কোনো ধরনের পূর্বশত্রুতা রয়েছে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও পরিচিত মুখ। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



