📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
বিনোদন

টাইগার শ্রফের ওপর হামলার দায় স্বীকার, সালমানের সঙ্গে কাজ করলে পরবর্তী নিশানা

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৯ অক্টোবর, ২০২৬
শেয়ার:
টাইগার শ্রফের ওপর হামলার দায় স্বীকার, সালমানের সঙ্গে কাজ করলে পরবর্তী নিশানা
📷 ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর নতুন করে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা একটি পক্ষ। মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের কেউ তাদের নির্দেশ না মানলে কিংবা সালমান খানের সঙ্গে কাজ করলে পরবর্তী নিশানা হতে পারেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এই হামলার সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি মুম্বাই পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে অনিল পণ্ডিত দাবি করেন, তিনি ও হারমান সান্ধু মিলে টাইগার শ্রফের ওপর হামলার দায় নিচ্ছেন। পোস্টে বলা হয়, হামলার আগে ফোন করে অভিনেতাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি সেই সতর্কবার্তা উপেক্ষা করায় তাঁকে শিক্ষা দিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। ওই পোস্টে আরও হুমকি দেওয়া হয়, মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের যাঁরা তাদের কথা শুনবেন না কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবেন, তাঁরাও হামলার শিকার হতে পারেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। একই সঙ্গে হামলার সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততার বিষয়টিও এখনো নিশ্চিত নয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালায় তিন অজ্ঞাতপরিচয় হামলাকারী। পুষ্পা পার্কের কাছে অভিনেতা তাঁর বিএমডব্লিউ গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিনেতার গাড়িচালক ফিরদৌসসহ কয়েকজন আহত হয়েছেন। তবে টাইগার শ্রফ নিজে গুলিবিদ্ধ হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও অ্যাম্বুল্যান্স। এলাকা ঘিরে রেখে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তল্লাশি শুরু করা হয়। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুলির খোল সংগ্রহ করেছেন ব্যালিস্টিক বিশেষজ্ঞরা। এর আগে মুম্বাইয়ের জুহু এলাকায় চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাড়ির বাইরে গুলির ঘটনা ঘটেছিল। এ ছাড়া ২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ে গুলিতে নিহত হন রাজনীতিক বাবা সিদ্দিকি। একের পর এক এমন ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। টাইগার শ্রফের ওপর হামলার পেছনে কারা জড়িত, এর উদ্দেশ্য কী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকারের দাবির সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →