📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জাতীয়

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৯ অক্টোবর, ২০২৬
শেয়ার:
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের
📷 ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগেই জাতীয় প্রেসক্লাবে পৌঁছান ইশরাক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শত শত নেতা-কর্মী। তাঁকে ঘিরে সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের মুখে শোনা যায়, ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’—এমন স্লোগান। নেতা-কর্মীদের কয়েকজনের হাতে ফুলের তোড়াও দেখা যায়। ইশরাক প্রেসক্লাব প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ঘিরে ধরেন নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীরা। পরে সমর্থকদের বেষ্টনীর মধ্যে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে যান তিনি। সেখানেও তাঁর সমর্থকেরা স্লোগান দিতে থাকেন। এর আগে সকাল সাড়ে আটটার পর নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক হোসেন। পোস্টে তিনি লেখেন, সোমবার বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন। ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখি দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে আন্দোলনে যোগ দেওয়ার আশাও প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, এবার একজন বিএনপির কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের কথাও উল্লেখ করেন। পোস্টের শেষে তিনি ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’ এবং ‘মাদক নির্মূল’ স্লোগান দেন। এর আগে রোববার সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠানো হয়। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ দেখা দেয়।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →