📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
খেলা

মেসির জোড়া গোলে মায়ামির টানা তৃতীয় জয়, প্লে-অফ নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৮ অক্টোবর, ২০২৬
শেয়ার:
মেসির জোড়া গোলে মায়ামির টানা তৃতীয় জয়, প্লে-অফ নিশ্চিত
📷 ছবি: সংগৃহীত
লিওনেল মেসির জোড়া গোল ও প্রথম গোলে অবদানের সুবাদে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এই জয়ের মধ্য দিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি। একই সঙ্গে পেশাদার ফুটবলে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৬-এ। ম্যাচের প্রথমার্ধে জর্জিয়ার দল আটলান্টা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলেও আক্রমণে বেশি ধার দেখায় ইন্টার মায়ামি। প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৫তম মিনিটে গোল করে এগিয়ে যায় মায়ামি। মাঝমাঠ থেকে রদ্রিগো দে পলের বাড়ানো বল জার্মেন বেরতেরামে ও মেসির পা ঘুরে পৌঁছায় লুইস সুয়ারেজের কাছে। চিলির ডিফেন্ডার পাওলো দিয়াজকে কাটিয়ে সুয়ারেজের নিখুঁত পাস থেকে গোল করেন মেক্সিকান ফরোয়ার্ড বেরতেরামে। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। চলতি লিগে এটি মেসির ১৫তম অ্যাসিস্ট। এর মাধ্যমে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন তারকা। বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৫৬তম মিনিটে নিজের দক্ষতার ঝলক দেখান মেসি। মাঝমাঠের ডান দিক থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় এগিয়ে যান তিনি। বেরতেরামের সঙ্গে দারুণ ওয়ান-টু পাসের সমন্বয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে পড়েন। এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে আটলান্টার গোলরক্ষক লুকাস হোয়োসের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান মেসি। এতে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। এর চার মিনিট পর, ৬০তম মিনিটে আবারও গোল করেন মেসি। নিজেদের অর্ধ থেকে লুইস সুয়ারেজের বাড়ানো লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে একাই বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর আটলান্টার ডিফেন্ডার জুনিয়র আলোনসোকে কাটিয়ে নিখুঁত শটে দলের তৃতীয় গোলটি করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। চলতি মৌসুমে এটি মেসির ২৪তম ও ২৫তম গোল। এর ফলে এমএলএসের গোল্ডেন বুটের দৌড়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। লিগের ইতিহাসে জোসেফ মার্তিনেজের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিয়মিত মৌসুমে দুইবার অন্তত ২৫টি করে গোল করার কীর্তি গড়েছেন মেসি। চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির মোট অবদান দাঁড়িয়েছে ৪০-এ। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলার গড়া এক মৌসুমে সর্বোচ্চ ৪৯টি গোল অবদানের রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর মাত্র ৯টি। এ জন্য হাতে রয়েছে আরও চারটি ম্যাচ। ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আটলান্টার হয়ে ব্যবধান কমান হাইতিয়ান ফরোয়ার্ড ফাফা পিকল্ট। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই জয়ের ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে মায়ামি। একই সঙ্গে প্লে-অফে খেলার যোগ্যতাও নিশ্চিত করেছে দলটি।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →
মেসির জোড়া গোলে মায়ামির টানা তৃতীয় জয়, প্লে-অফ নিশ্চিত | কিশোরগঞ্জ জার্নাল | কিশোরগঞ্জ জার্নাল