সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপের কারণে বাংলাদেশ থেকে দেশটিতে সরাসরি ও ট্রানজিট রুটের মোট ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৬ হাজার ৬২০ জন যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ।
বেবিচকের বিবৃতি অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের নির্ধারিত ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে। অনেক যাত্রীকে পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে।
সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইনসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট রুটে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়া এবং দেশটির বিভিন্ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোর কার্যক্রম সীমিত করা হয়েছে। কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি ভ্রমণসূচি পরিবর্তন, অপেক্ষা এবং অন্যান্য সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন সৌদিগামী যাত্রীরা।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



